স্টাফ রিপোর্টার: যশোরে সদর উপজেলার চুড়ামনকাটি বাজারে বাসের ধাক্কায় ঊর্মি (১৬) নামে এক মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
নিহত ঊর্মি যশোরের কাশিমপুর ইউনিয়নের বিজয়নগর দক্ষিণপাড়ার বাসিন্দা রবিউল ইসলামের মেয়ে। সে ছাতিয়ানতলা কে আই আলিম মাদ্রাসার নবম শ্রেণির শিক্ষার্থী।
বুধবার (৯ই এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে রূপসা পরিবহনের একটি বাস তাকে ধাক্কা দিলে সে গুরুতর আহত হয়। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে দুপুর দুইটার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এদিকে তার মৃত্যুর খবর এলাকায় পৌঁছালে এলাকাবাসী ও ছাত্রসমাজ খুলনা-কুষ্টিয়া রুটে চলাচলকারী রুপসা ও গড়াই পরিবহণের বাস দুই ঘন্টা যাবত অবরোধ করে রাখে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার বেলা ১১:৩০ টার দিকে ঊর্মি রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী রুপসা পরিবহনের একটি বাস তাকে ধাক্কা দেয়। খবর ছড়িয়ে পড়লে এ ঘটনার সুষ্ঠু বিচার ও ঘাতক চালকের আটকের দাবিতে এলাকাবাসী ও ছাত্রসমাজ রুপসা ও গড়াই পরিবহনের সকল বাস অবরোধ করে রাখে চুড়ামনকাটি বাজারে। এতে সড়কের দু’পাশে ব্যাপক জানজটের সৃষ্টি হয়। দুর্ঘটনার পর ঘটনাস্থলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কোতোয়ালি মডেল থানা, সাজিয়ালী ফাঁড়ি পুলিশ ও হাইওয়ে পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে বাসটি হেফাজতে নেন । তবে চালক পালিয়ে যায়। যৌথ বাহিনী আশ্বাসতোই পরে বিক্ষুব্ধ শিক্ষার্থী জনতা সড়ক অবরোধ তুলে নেয়।
সাজিয়ালী পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই আব্দুর রউফ জানান ঘটনার খবর পেয়েই আমরা ঘটনা স্থলে হাজির হয়ে বাসটি আটক করি। তবে চালক পালিয়ে গেছে। নিহত শিক্ষার্থীর পরিবার ও এলাকার গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে কথা হয়েছে। চালক ও সহকারী চালকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।