স্টাফ রিপোর্টার: যশোরের মণিরামপুরে একটি বাস বেপরোয়া গতিতে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী ভ্যানে ধাক্কা দেয়।
এতে ঘটনাস্থলেই ভ্যানের চালক নাজমুল (৪০) ও ভ্যানের যাত্রী রতন (২৭) নিহত হন। এ ঘটনায় ভ্যানের আরো তিনজন গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।
নিহত ভ্যানচালক নাজমুল মণিরামপুর উপজেলার জয়পুর গ্রামের মৃত আবুল খায়েরের ছেলে। নিহত যাত্রী রতন গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার আব্দুল্লাহপাড়া গ্রামের রাজনের ছেলে।
শনিবার (৬ই জুলাই) দুপুর ১টা দিকে খুলনা-যশোর মহাসড়কের মণিরামপুর বাজার থেকে প্রায় এক কিলোমিটার দূরে কলেজ মোড় এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে পুলিশ জানায়, রোববার দুপুরে ঢাকা মেট্রো-জ-১১-১৩১৪ নম্বরের একটি বাস বেপরোয়া গতিতে মণিরামপুর থেকে যশোরের দিকে যাচ্ছিলো। কলেজ মোড় এলাকায় পৌঁছালে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি ব্যাটারিচালিত ভ্যানে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ভ্যানচালক নাজমুল ও ভ্যানের যাত্রী রতন নিহত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মী ও পুলিশ সদস্যরা সাথে সাথে স্থানীয় লোকজনকে সাথে নিয়ে তাদের উদ্ধার করে যশোর সদর হাসপাতালে পাঠান।
মণিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) বাবলুর রহমান খান জানান, ঘাতক বাসটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা রেকর্ড করা হয়েছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।