নিজস্ব প্রতিনিধি: যশোর বাসের ধাক্কায় ইজিবাইকের যাত্রী হাফেজা বেগম (৩৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার স্বামী হাবিবুর রহমান ও ইজি বাইক চালক নাসির উদ্দিন গুরুতর আহত হয়েছে।
শনিবার (২ই সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১ টার দিকে জেলার ঝিকরগাছা উপজেলার ছুটিপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত নারী ঝিকরগাছা উপজেলর কায়েমখোলা গ্রামের হাবিবুর রহমানের স্ত্রী। গুরুতর আহত হাবিবুর রহমান ঝিকরগাছা উপজেলার কায়েম খোলা গ্রামের জাবেদ আলী সরদারের ছেলেও চালক নাসির উদ্দিন একই এলাকার ইয়াকুব আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, শনিবার সকালের দিকে ইজি বাইক চালক নাসির উদ্দিন ছুটিপুর থেকে হাফিজা ও হাবিবুর রহমানকে নিয়ে যশোর সদর হাসপাতালে যাচ্ছিলেন। ইজিবাইকটি এড়েন্দা বাজারে পৌছালে পিছন দিক থেকে আসা যশোর জ ০৪-০০৩৫ নাম্বারের একটি লোকাল বাস ইজি বাইকটিকে ধাক্কা দিলে ইজিবাইকটি ছিটকে গিয়ে সামনে দাঁড়িয়ে থাকা ঝিনাইদহ ট ১১-১০৫৩ নাম্বারের একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে দুমড়ে মুচড়ে যায়। এ সময়ে ইজিবাইকে থাকা হাফেজা বেগমের দেহ ক্ষতবিক্ষত হয়ে যায়। সাথে সাথে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার পরীক্ষা-নিরীক্ষা করে হাফিজাকে মৃত্যু ঘোষণা করেন। গুরুতর আহত ইজিবাইক চালক নাসির উদ্দিন ও নিহত হাফিজার স্বামী হাবিবুর রহমানকে হাসপাতালে ভর্তি নিয়ে চিকিৎসা প্রদান করেন।
ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ সুমন ভক্ত বিষয়টি নিশ্চিত করে বলেন, সড়ক দুর্ঘটনায় মৃত্যুর খবর পেয়ে সাথে সাথে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে পুলিশ যাওয়ার আগেই ঘাতক ট্র্যাকটি পালিয়ে গেছে। এ ঘটনায় ঝিকরগাছা থানায় একটি অপমৃত্যুর মামলা রেকর্ড করা হয়েছে।