স্টাফ রিপোর্টার: যশোরে পৃথক পৃথক দু’টি সড়ক দুর্ঘটনায় দুই ভাইসহ ৪ জন নিহত হয়েছে।
পুলিশ ও হাসপাতাল সূত্র থেকে জানা গেছে, বৃহস্পতিবার ভোর পাঁচটার দিকে যশোর সদর উপজেলার দেয়াড়া ইউনিয়নের এড়েন্দা গ্রামের মাটিবাহী একটি ট্রাকের ধাক্কায় বাইসাইকেলের দুই আরোহী নিহত হয়। এই ঘটনায় আরো একজন আহত হয়েছেন।
নিহতরা হলেন, চাঁচড়া খামারপাড়ার মুজিদের ছেলে আফ্রিদি ও চাঁচড়া বর্মণপাড়ার সূর্য।
যশোর কোতোয়ালি থানার এসআই খান মাইদুল ইসলাম জানান, বৃহস্পতিবার ভোরে নিহতরা ও আহত ব্যক্তি একই সাথে তিনটি বাইসাইকেলে মাছ ধরতে যাচ্ছিলো। পথিমধ্যে এড়েন্দা বাজারের নিকটে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ট্রাকটি তিনজনের সাইকেলে ধাক্কা দেয়। সাথে সাথে স্থানীয়রা তাদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যায়। এ সময়ে কর্তব্যরত ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে দুজনকে মৃত্যু ঘোষণা করেন। অপরজনকে হাসপাতালে ভর্তি নিয়ে ডাক্তার আর চিকিৎসা প্রদান করছেন।
অন্যদিকে, বুধবার দিবাগত রাত সাড়ে দশটার দিকে জেলার মনিরামপুর উপজেলার রাজগঞ্জ কাশিমপুর বটতলা এলাকায় একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গিয়ে দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু হয়।
নিহতরা হলেন, উপজেলার মাছনা গ্রামের নাহিদ হোসেন (২২) ও মোহনপুর গ্রামের শিহাব হোসেন(১৮)।
খবর পেয়ে মনিরামপুর ফায়ার সার্ভিসের কর্মীরা মরদেহ দুটি উদ্ধার করে মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান।
মনিরামপুরের ফায়ার সার্ভিসের কর্মী রাতুল মোল্লা বলেন, ‘বুধবার রাতে দুই যুবক একটি মোটরসাইকেল যোগে রাজগঞ্জ থেকে মনিরামপুরে যাচ্ছিলেন। পথে মধ্যে কাশিপুর বটতলা এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর সঙ্গে আঘাত লাগে। এতে তাঁরা ছিটকে সড়কের পাশের খেজুর গাছের সঙ্গে ধাক্কা খায় এবং ঘটনাস্থলে দু’জনের মৃত্যু হয়। সম্পর্কে তার খালাতো ভাই।
মনিরামপুর থানার অফিসার ইনচার্জ মনির মনিরুজ্জামান বলেন, প্রাথমিকভাবে জানা যায় দ্রুতগতিতে মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময়ে নিয়ন্ত্রণ হারিয়ে কাশেমপুর বটতলায় এলাকার একটি সেতুতে আঘাত করলে তারা মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আঘাতপ্রাপ্ত হন। সাথে সাথে স্থানেরা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাদের মৃত্যু ঘোষণা করেন।