স্টাফ রিপোর্টার: যশোরের বহুল আলোচিত দুই নির্বাচন কর্মকর্তাকে প্রত্যাহারের দাবি জানিয়ে নির্বাচন কমিশনের সচিব হুমায়ুন কবীর খোন্দকারের কাছে স্মারকলিপি প্রদান করছেন যশোরের সাংবাদিক সংগঠনগুলো।
শুক্রবার বেলা ১২ টায় স্থানীয় সার্কিট হাউজে সচিবের সাথে সাক্ষাৎ শেষে এই স্মারকলিপি প্রদান করেন যশোর জেলা সাংবাদিক বৃন্দ।
উল্লেখ্য নির্বাচন কালীন সময়ে সাংবাদিকদের সাথে অশোভন আচরণ ও অসহযোগিতা করেছিলেন যশোর জেলা নির্বাচন অফিসার হুমায়ুন কবীর ও অতিরিক্ত জেলা নির্বাচন অফিসার আতিকুল ইসলাম।
এ অশোভন আচরণ ও অসহযোগিতার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণসহ ওই দুই কর্মকর্তার প্রত্যাহারের দাবিতে নির্বাচন কমিশনের সচিব হুমায়ুন কবীর খোন্দকারের কাছে স্মারকলিপি প্রদান করেন যশোরের সাংবাদিক সংগঠনগুলো।
সাক্ষাৎকালে সাংবাদিক নেতৃবৃন্দ নির্বাচন অফিসের কর্মকর্তাদের অনিয়ম-দুর্নীতির বিষয়টি তুলে ধরে বলেন, জেলা নির্বাচন অফিসার হুমায়ুন কবীর ও অতিরিক্ত জেলা নির্বাচন অফিসার আতিকুল ইসলাম জেলা নির্বাচন অফিসকে একটি অথর্ব প্রতিষ্ঠান ও দুর্নীতির আঁখড়ায় পরিণত করেছেন। এই প্রতিষ্ঠানে সেবা নিতে আসা সাধারণ মানুষ চরম হয়রানির শিকার হচ্ছেন। বিশেষ করে জাতীয় পরিচয়পত্র গ্রহণ ও সংশোধন করতে আসা মানুষের সাথে দুর্ব্যবহার করা হয় এবং ঘুষ না দিলে কোনো মানুষ এ অফিস থেকে সেবা লাভ করতে পারেন না। জেলা নির্বাচন অফিসের শীর্ষ দু’ কর্মকর্তার আচরণ এমন নিম্ন পর্যায়ে পৌঁছেছে যে সাংবাদিকরাও রেহাই পাচ্ছেন না। নির্বাচন পর্যবেক্ষণে অনুমতিপত্র সংগ্রহ, নির্বাচন সংশ্লিষ্ট তথ্য সংগ্রহ থেকে শুরু করে নানা বিষয়ে সাংবাদিকদের সাথে খারাপ আচরণ করছেন এই দু’ কর্মকর্তা। তারা পেশাদার সাংবাদিকদের পর্যবেক্ষণ কার্ড সরবরাহ না করে কয়েকশ’ অপেশাদার ও বিতর্কিত ব্যক্তিকে উৎকোচের বিনিময়ে কার্ড সরবরাহ করেন।
স্মারকলিপি গ্রহণকালে নির্বাচন কমিশনের সচিব হুমায়ুন কবীর খোন্দকার অভিযুক্ত দু’কর্মকর্তার বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহনের আশ্বাস দেন। এ সময় তার সাথে নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ, যশোরের জেলা প্রশাসক তমিজুল ইসলাম খানসহ নির্বাচন কমিশনের পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
স্মারকলিপিতে স্বাক্ষর করেন প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন ও সম্পাদক এসএম তৌহিদুর রহমান, যশোর সংবাদপত্র পরিষদের সভাপতি একরাম-উদ-দ্দৌলা ও সাধারণ সম্পাদক মবিনুল ইসলাম মবিন, যশোর সাংবাদিক ইউনিয়নের সভাপতি ফারাজী আহমেদ সাঈদ বুলবুল ও সাধারণ সম্পাদক এইচ আর তুহিন, সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি এম.আইউব ও সাধারণ সম্পাদক আকরামুজ্জামান, যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শেখ দিনু আহমেদ ও সাধারণ সম্পাদক দেওয়ান মোর্শেদ আলম, টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের আহ্বায়ক সাকিরুল কবীর রিটন ও সদস্য সচিব শিকদার খালিদ, বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন যশোর শাখার সভাপতি মনিরুজ্জামান মুনির ও সাধারণ সম্পাদক নুর ইমাম বাবুল।
স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন প্রেসক্লাব যশোরের সহসভাপতি ওহাবুজ্জামান ঝন্টু, যুগ্ম সম্পাদক হাবিবুর রহমান মিলন, কোষাধ্যক্ষ হাবিবুর রহমান রিপন, দপ্তর সম্পাদক তৌহিদ জামান, সাংস্কৃতিক ও সমাজসেবা সম্পাদক তহীদ মনি, নির্বাহী সদস্য জাহিদুল কবীর মিল্টন, সাজেদ রহমান প্রমুখ।