স্টাফ রিপোর্টার: যশোরে ট্রাকের ধাক্কায় নাজিরউদ্দিন নামে এক পথচারীর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার বেলা ১১ঃ০০ টার দিকে শহরের চাঁচড়া বাবলাতলা রেনু পোনা বাজারে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত নাজিরউদ্দিন চাঁচড়া এলাকার নুরুল ইসলামের ছেলে।
এ ঘটনায় ইন্দ্রা নামে আর একজন গুরুতর আহত হয়েছে। আহত ইন্দ্রা খুলনার বয়রা থানার রায়মোহন গ্রামের বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, মঙ্গলবার সকাল ১১ টার দিকে তুষ ভর্তি একটি ট্রাক বেনাপোল থেকে খুলনার দিকে যাচ্ছিলো। পথিমধ্যে ট্রাকটি চাঁচড়া বাবলাতলা এলাকায় পৌঁছালে একটি ইজিবাইকে রক্ষা করতে গিয়ে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার বাম দিকে উল্টে যায়। এতে ২ জন পথচারী আহত হয়। এসময় ট্রাক চালক পালিয়ে যায়।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে যশোর সদর হাসপাতালে পাঠালে সেখানে চিকিৎসাধীন অবস্থায় নাজিরউদ্দিনের মৃত্যু হয়।
যশোর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ তাজুল ইসলাম বলেন, সড়ক দুর্ঘটনায় মৃত্যুর ঘটনায় থানায় একটি অপমৃত্যর মামলা রেকর্ড করা হয়েছে। ট্রাকটি ইতিমধ্যে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।