তরিকুল ইসলাম মিঠু, যশোর প্রতিবেদক: যশোর ১কোটি ৯লাখ টাকা মূল্যের চারটি স্বর্ণের বারসহ তৌফিকুর রহমান (৩৯) নামে এক স্বর্ণ পাচারকারী আটক হয়েছে ।
বৃহস্পতিবার (৯ই জুলাই) দুপুর ২ টার দিকে যশোর সদর উপজেলার দাইতলা ব্রীজের উপরে অভিযান চালিয়ে এসব স্বর্ণের বারসহ তাকে আটক করেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। এসব স্বর্ণের ওজন ৫৩৫ গ্রাম। স্বর্ণসহ আটক তৌফিকুর রহমান জেলার শার্শা উপজেলার স্বরূপদা গ্রামের আব্দুল মজিদের ছেলে। এ সময়ে তাদের কাছ থেকে বিজিবি সদস্যরা একটি ৩৯ হাজার টাকা মূল্যের মোবাইল ফোন ও নগদ ১,৩৭০ টাকা জব্দ করেন। স্বর্ণসহ এসব মালামালের সিজার মূল্য ১ কোটি ৮৬ লাখ ২,৩৫০ টাকা বলে জানিয়েছে বিজিবি।
যশোর ৪৯ বিজিবি ব্যাটেলিয়নের অধিনায়ক লেঃ কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি জানান, কিছু দিন যাবত বাংলাদেশ হতে ভারতে স্বর্ণ পাচারের প্রবণতা বৃদ্ধি পেয়েছে। উক্ত স্বর্ণসহ পাচারকারী আটকের নিমিত্তে বিজিবি‘র আভিযানিক কার্যক্রম ও চেষ্টা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় দুপুরে যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান পরিচালনা করে স্বর্ণসহ পাচারকারী আটক করতে সক্ষম হচ্ছে।