স্টাফ রিপোর্টার: যশোরে আফিল ফার্মের কর্মচারী লাভলু (৪৫)কে পিটিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা।শুক্রবার সকাল সাতটার দিকে সদর উপজেলার খোলাডাঙ্গা কলোনীপাড়া রেললাইনের পাশের আমবাগান থেকে তার রক্তাক্ত লাশ উদ্ধার করে পুলিশ।
নিহত লাভলু ওই এলাকার মধ্যেপাড়া কলোনীর আব্দুল মান্নানের ছেলে। তিনি আফিল গ্রুপের ডিমের ফার্মের কর্মচারী ছিলেন।
নিহতের স্বজনরা জানায়, বৃহস্পতিবার রাত সাড়ে নয়টার দিকে লাভলু কাজ শেষে বাড়িতে গিয়ে গোসল ও রাতের খাওয়া শেষ করে বাড়ির পাশের চায়ের দোকানে যান। তারপর তিনি রাতে আর বাড়ি ফেরেননি। সকালে তার পরিবারের লোকজন খোঁজাখুজির এক পর্যায়ে রেললাইনের পাশে আসাদের আম বাগানে লাভলুর মরদেহ দেখতে পান। খবর পেয়ে সকাল সাতটার দিকে ঘটনাস্থলে গিয়ে নিহতের মৃতদেহ উদ্ধার করে পুলিশ।
স্থানীয় সুত্রেগুলো জানায়, লাভলুর তিন ভাই ও এক বোন। বড় ভাই বাবলু ট্রেনে কাটা পড়ে মারা যান, ছোট ভাই মনি চার-পাঁচ বছর আগে দুর্বৃত্তদের হাতে খুন হয়। ছোট ভাইয়ের খুনের মামলা নিহত লাভলু পরিচালনা করতেন বলে জানা যায়। তার জের ধরে এ হত্যাকান্ড ঘটনা ঘটেছে।
যশোর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ তাজুল ইসলাম বলেন, শুক্রবার সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে সকাল সাতটার দিকে নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। তার মাথায় ও মুখে আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে মাথায় ঘাড়ে ভারী কোন বস্তু দিয়ে আঘাত করে তাকে হত্যা করা হয়েছে। মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। হাসপাতালে ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পর এই বলা যাবে তাকে কিভাবে তাকে হত্যা করা হয়েছে। হত্যাকাণ্ডের কারণ ও হত্যাকারীদের গ্রেফতারে পুলিশ কাজ করছে বলে জানান এ কর্মকর্তা।