তরিকুল ইসলাম মিঠু, যশোর প্রতিবেদক: যশোরের শীর্ষ সন্ত্রাসী শাহাদাত হোসেন (৫০) বিদেশী পিস্তলসহ র্যাবের হাতে গ্রেফতার হয়েছে। সে শংকরপুর চোপদার পাড়া এলাকার শাহাজানের ছেলে।
শনিবার (২৫ শে জুলাই) দিবাগত রাত আটটার দিকে শহরের শংকরপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেন র্যাপিড একশন ব্যাটালিয়ন (র্যাব) সদস্যরা।
র্যাবের যশোর কোম্পানী কমান্ডার রেজাউল হক বলেন, বিদেশী অস্ত্রসহ গ্রেপ্তার হওয়া শাহাদাত যশোরের চিহ্নিত সন্ত্রাসী। তার বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। সে বিভিন্ন মামলার সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভূক্ত আসামী। তাকে গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদে অস্ত্র থাকার বিষয়টি স্বীকার করেন। এক পর্যায়ে তিনি বসত ঘরে ভেতর থেকে নিজ হাতে একটি বিদেশী পিস্তল বের করে দেন। এ সময়ে একটি খালি ম্যাগাজিন উদ্ধার করা হয় ঘরের মধ্যে থেকে। তার বিরুদ্ধে অস্ত্র আইন মামলা দিয়ে যশোর কোতোয়ালী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।