মহেশপুর সীমান্তে বিএসএফ’র গুলিতে বাংলাদেশী নিহত

নিউজটি শেয়ার লাইক দিন

ঝিনাইদহের মহেশপুর সীমান্তের পলিয়ানপুরের বিপরীতে বিএসএফ’র গুলিতে আব্দুর রহিম (৫০) নামে এক গরুর রাখাল নিহত হয়েছেন। তিনি মহেশপুর উপজেলার সেজিয়া ইউনিয়নের বাউলিয়া গ্রামের মুক্তিযোদ্ধা আবুল কাসেমের ছেলে।

রবিবার ভোর ৪টার দিকে ভারতের হাবাশপুর এলাকার ৬০ নং মেইন পিলারের পাশে তাকে গুলি করে হত্যা করে বিএসএফ। রবিবার বিকাল সাড়ে ৪ চারটার দিকে বিজিবি ও বিএসএফ’র মধ্যে পতাকা বৈঠকে এ খবর জানায় ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী।

মহেশপুরের খালিশপুর ৫৮ বিজিবি অধিনায়ক লে. কর্ণেল কামরুল আহসান জানান, রবিবার ভোর রাতে কয়েক জনকে সাথে নিয়ে নিহত আব্দুর রহিম ভারতে গরু আনতে যায়। গরু নিয়ে ফেরার পথে ভারতের হাবাশপুর এলাকার ৬০ নং মেইন পিলারের কাছে পৌঁছালে বিএসএফ গুলি চালায়। বিএসএফ’র গুলিতে এ সময় আব্দুর রহিম নিহত হন।

লে. কর্নেল কামরুল আহসান আরো জানান, পতাকা বৈঠকে আমরা নিহতের ছবি দেখে নিশ্চিত হয়েছি এটা বাংলাদেশী আব্দুর রহিমের লাশ।

তবে অন্য একটি সূত্র জানায়, ভারতের অভ্যন্তরে গরুসহ রহিমকে ধরে ফেলে বিএসএফ। এরপর তাকে গুলি করে হত্যা করা হয়।

বিষয়টি নিয়ে সীমান্তের পলিয়ানপুর বিজিবির বিওপি কমান্ডার হাবিলদার এনামুল জানান, তারা এখনো এ ধরণের খবর পান নি।

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *