মহেশপুর ঝিনাইদহ সংবাদদাতাঃ-ঝিনাইদহের মহেশপুর উপজেলা বাগাডাঙ্গা সীমান্তের ওপারে ভারতীয় এলাকায় বিএসএফ’র গুলিতে মিকাইল হোসেন (৩০) নামের এক বাংলাদেশি গরুর রাখাল নিহত হয়েছেন। নিহত মিকাইল বাঘাডাঙ্গার জিনজিরা পাড়ার রুহুল আমিনের ছেলে।
নিহতের মামাতো ভাই মুছা নুর মল্লিক জানান, কয়েকদিন আগে মিকাইলসহ আরও কয়েকজন সীমান্ত পার হয়ে ভারতে যায়। বৃহস্পতিবার রাতে গরু নিয়ে ফেরার পথে পশ্চিমবঙ্গের নদীয়া জেলার টেংরাখাল ব্রীজ এলাকা দিয়ে তারা দেশে ফেরার চেষ্টা করছিল। এসময় নদীয়ার শীলবাড়িয়া বিএসএফ’র টহলদলের সামনে পড়ে। এসময় বিএসএফ’র সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। সে সময় অন্যন্নরা পালিয়ে আসলেও মিকাইল নিখোঁজ ছিল।
ঘটনার ৪ দিন পর রোববার বিকেলে সীমান্তবর্তী টেংরা খালে তার লাশ ভেসে ওঠে। খবর পেয়ে নদীয়া জেলার হাসখালী থানা পুলিশ তার লাশ উদ্ধার করে নিয়ে যায়।
মহেশপুর উপজেলার নেপা ইউনিয়নের চেয়ারম্যান শামসুল আলম জানান, ১০/১২ জন গরু আনতে ভারতে যায়। গরু নিয়ে ফেরার পথে বিএসএফ তাদেও লক্ষ্য করে গুলি করে। তার দলে থাকা বাকিরা দেশে ফিরে আসলেও মিকাইল ফিরে আসেনি। পরে নিহতের পরিবার বাংলাদেশ সীমান্তের ওপারের স্বজনদের কাছ থেকে বিএসএফের গুলিতে মিকাইলের নিহত হওয়ার খবর পেয়েছেন।
বিষয়টি নিয়ে ঝিনাইদহ ৫৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শাহিন আজাদের কাছে জানতে চাইলে তিনি বলেন, মহেশপুর বিজিবি ক্যাম্প থেকে এ ধরনের তথ্য শুনেছি। তবে ভারতীয় বিএসএফের পক্ষ থেকে এখনো কোন তথ্য পায়নি। বিজিবির পক্ষ থেকে বিএসএফের সঙ্গে যোগাযোগ চলছে। তথ্যটি সঠিক হলে নিহতের বিষয় বাংলাদেশ বিজিবির পক্ষ থেকে প্রতিবাদ জানানো হবে এবং লাশ বাংলাদেশে আনার চেষ্টা করা হবে বলে তিনি জানান।