মহেশপুর প্রতিনিধি : মহেশপুরে পুলিশের সাথে কথিত বন্দুক যুদ্ধে শাহারুল ইসলাম খোকন (৩৬) নামে এক যুবক নিহত হয়েছে। পুলিশের দাবি সে আন্তজেলা ডাকাত দলের সদস্য।মঙ্গলবার রাত দুইটার দিকে খালিশপুর-জীবননগর সড়কের কৃষ্ণচন্দ্রপুর নামক স্থানে ঘটনাটি ঘটে দাবি করে পুলিশের ভাষ্য, সেখান থেকে একটি শুটারগান, এক রাউন্ড গুলি, একটি দা, একটি কুড়াল উদ্ধার হয়েছে।
মহেশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রাশেদুল আলম জানান, রাত দুইটার দিকে কৃষ্ণচন্দ্রপুরের বাকড়ার খাল এলাকায় মহাসড়কে একদল ডাকাত রাস্তায় গাছ ফেলে ডাকাতির চেষ্টা করছিল। সংবাদ পেয়ে হাইওয়েতে ডিউটিরত থানা পুলিশ ঘটনাস্থলে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা গুলি চালায়। এসময় পুলিশও পাল্টা জবাব দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে একটি মৃতদেহ ও ডাকাত দলের ফেলে যাওয়া একটি শুটারগান, এক রাউন্ড গুলি, একটি গাছকাটা করাত, একটি দা ও একটি কুড়াল উদ্ধার করে।
ওসি রাশেদুল আলম আরো জানান, নিহত শাহারুল ইসলাম খোকনের নামে মহেশপুরসহ বিভিন্ন থানায় ডাকাতির একাধিক মামলা রয়েছে। মঙ্গলবার সকালে মরদেহ ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহত শাহারুল ইসলাম খোকন মহেশপুর উপজেলার জাগুসা গ্রামের আব্দুল হামিদের ছেলে।