নিজস্ব প্রতিবেদক: যশোরের মনিরামপুরে স্বরুপজান হত্যাকাণ্ডের দুই আসামী স্বরূপজানের স্বামী আব্দুর রশিদ ওরফে মিন্টু ও তার ছেলে জিসান(২২)কে পুলিশ হত্যাকান্ডের চব্বিশ ঘন্টার মধ্যে গ্রেফতার করেছে।
গতকাল রাত ৯ টার দিকে জেলার অভয়নগর উপজেলার শংকরপাশা এলাকা থেকে গ্রেফতার করেন যশোর পুলিশের একটি দল। পরে তাদের জিজ্ঞাসাবাদ মূলক জবানবন্দির উপর ভিত্তি করে তাদের বসত বাড়ী থেকে হত্যা কাজে ব্যবহৃত কুড়াল ও শীলের নুড়া উদ্ধার করেন।
যশোর পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার নূরে আলম সিদ্দিকী বলেন, গতকাল সকালে খাটুয়াডাঙ্গায় আব্দুর রশিদ ওরফে মিন্টুর চাতাল ঘরের মধ্যে স্বরূপজান নামে তার দ্বিতীয় স্ত্রীর রক্তাক্ত মৃতদেহ পাওয়া যায়। ঘটনার পরপর থেকেই মিন্টু শেখ ও তার ছেলে জিসান সহ পরিবারের লোকজন পলাতক ছিল। গতকাল নিহতের ভাই শহিদুল ইসলাম মনিরামপুর থানায় একটা হত্যা মামলা দায়ের করেন। এরপর পরপরই পুলিশ সুপার হত্যাকাণ্ডের মূলরহস্য উদঘাটনসহ জড়িতদের গ্রেফতারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনে মণিরামপুর থানা পুলিশ, জেলা গোয়েন্দা শাখা(ডিবি), এবং সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলকে নির্দেশ দেন। পুলিশের কয়েকটি টিমের সমন্বয়ে হত্যাকাণ্ডের সাথে জড়িত স্বরূপজানের স্বামী আব্দুর রশিদ ওরফে মিন্টুও তার ছেলে জিসান (২২)কে অভয় নগরের শংকরপাশা থেকে গ্রেফতার করতে সক্ষম হই। দুপুরে তাদেরকে আদালতে হস্তান্তর করা হয়েছে।