ভ্যান চুরির অভিযোগে সংঘবদ্ধ পিটুনিতে নিহত ১, আহত ১, নিখোঁজ ১

নিউজটি শেয়ার লাইক দিন

নিজস্ব প্রতিবেদক: যশোরে ভ্যান বা আলমসাধু (স্যালো মেশিন চালিত ভ্যান) চুরির অভিযোগে সংঘবদ্ধ পিটুনিতে মিজানুর রহমান (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

এ ঘটনায় তার সহযোগী মনিরুজ্জামান (৪৬) নামে আরও একজন গুরুতর আহত হয়েছেন। জীবন বাঁচাতে বাঁওড়ের পানিতে ঝাঁপ দিয়ে আল আমিন (৪০) নামে তাদের আরো এক সহযোগিত নিখোঁজ রয়েছেন।

রবিবার (১১ অক্টোবর) সকালে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরি দল চেষ্টা করেও তাকে খুঁজে পাননি।

গত শনিবার (১০ অক্টোবর) গভীর রাতে যশোর সদর উপজেলার দেয়াড়া ইউনিয়নের চান্দুটিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় আনিসুর রহমান জানান, নারাঙ্গালী গ্রাম থেকে স্যালোমেশিনচালিত একটি ভ্যান (আলমসাধু) চুরি করে নিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজন বিষয়টি চান্দুটিয়া গ্রামের বাসিন্দাদের জানান। খবর পেয়ে চান্দুটিয়ার লোকজন ধাওয়া করে তিনজনকে আটকানোর চেষ্টা করেন। এ সময় দুইজনকে ধরে পিটুনি দেওয়া হয়। এতে মিজানুর রহমান নিহত এবং মনিরুজ্জামান আহত হন। অন্যদিকে, জীবন বাঁচাতে আল আমিন বাঁওড়ের পানিতে ঝাঁপ দিলে তিনি নিখোঁজ হন।

নিহত মিজানুর রহমান চৌগাছা উপজেলার পাশাপোল ইউনিয়নের কালিয়াকুন্ডি (কালিয়াকৈর) গ্রামের বাসিন্দা। আহত মনিরুজ্জামানের বাড়ি ঝিকরগাছা উপজেলার রামচন্দ্রপুর গ্রামে। নিখোঁজ আল আমিন ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাসিন্দা। তিনি নিহত মিজানুর রহমানের ভায়রা ভাই।

যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের অ্যাসিস্ট্যান্ট চিকিৎসক পরশ মন্ডল জানান, বেলা ১১ঃ৩০ টার দিকে প্রথমে মিজানুরকে হাসপাতালে নিয়ে আসা হয়। পরীক্ষা-নিরীক্ষা করে দেখা যায় ঘন্টাখানেক আগেই তার মৃত্যু হয়েছে। তার কিছু সময় পরে মনিরুজ্জামানকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে আসেন পুলিশ। সাথে সাথে তাকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা প্রদান করা হচ্ছে। তবে তার অবস্থা সংকটাপন্ন বলে তিনি জানান।

কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ আবুল কবির হোসেন বলেন, আলম সাধু বা ইঞ্জিন চালিত ভ্যান চুরি করে পালানোর সময় স্থানীয়রা তাদেরকে ধাওয়া করেন। একপর্যায়ে মিজানুর ও মনিরুজ্জামান খালের পানিতে ঝাঁপ দিয়ে আত্মরক্ষার চেষ্টা করেন। কিন্তু তাতেও কাজ হয়নি। এলাকার লোকজন সেখান থেকে তাদেরকে ধরে বেধড় মারধর করে। খবর পেয়ে পুলিশ তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে তাদের মধ্যে মিজানুরকে মৃত্যু ঘোষণা করে। মনিরুজ্জামানের অবস্থা আশঙ্কা জনক অবস্থায় হাসপাতালে ভর্তি করে চিকিৎসা প্রদান করা হচ্ছে। তবে খালের পানিতে ঝাঁপ দিয়ে তাদের আরেক সহযোগী আলামিন এখনো খুঁজ রয়েছে।

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *