আন্তর্জাতিক ডেস্ক: ভারতের বহু প্রতীক্ষিত করোনাভাইরাস এর ভ্যাকসিন তৈরি ইনস্টিটিউট সেরামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
ভারতের পুণেতে সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার (এসআইআই) একটি কারখানায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বৃহস্পতিবার দুপুরে কারখানার পঞ্চম তলায় এ আগুনের ঘটনা ঘটে। ইতোমধ্যে তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম তলে আগুন ছড়িয়ে পড়েছে।
সেরামের পক্ষ থেকে জানানো হয়েছে, যেখানে আগুন লেগেছে, সেখান থেকে অনেকটা দূরে করোনাভাইরাস টিকা তৈরি করার পাশাপাশি মজুত রাখা হয়। তাই কোভিশিল্ডের ক্ষতি হওয়ার কোনও আশঙ্কা নেই। তবে আগুনের খবর ছড়িয়ে পড়তেই জনমনে আতঙ্ক তৈরি হয়।
এর আগে গত শনিবার থেকে দেশে টিকাকরণ কর্মসূচির শুরুর পর মজুত থাকা কোভিশিল্ডের ক্ষতির আশঙ্কা আছে কিনা, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে।
সেরামের কার্যনির্বাহী অধিকর্তা সুরেশ যাদব জানিয়েছেন, যেখানে আগুন লেগেছে, সেখানে টিবির বিসিজি টিকা উৎপাদন সংক্রান্ত কাজ চলছিল। অগ্নিকাণ্ডের জায়গা থেকে বেশ অনেকটা দূরে কোভিশিল্ড তৈরি করা হয়। সেখানেই মজুত রাখা হয় অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় এবং ব্রিটিশ-সুইডিশ সংস্থা অ্যাস্ট্রোজেনেকার করোনাভাইরাস টিকা। ফলে কোভিশিল্ডে কোনও ক্ষতির সম্ভাবনা নেই।
পুণের মেয়র মুরলীধর মোহল জানিয়েছেন, দুপুর ২ টো ৫০ মিনিট নাগাদ আগুন লাগার খবর পায় দমকল। তারপর ঘটনাস্থলে দ্রুত দমকলের ১০ টি ইঞ্জিন এবং দুটি ট্যাঙ্কার পাঠানো হয়েছে। পুণের পুরনিগমের মুখ্য দমকল আধিকারিক প্রশান্ত রণপিসে বলেন, ‘বাড়ির ভিতরে চারজন ছিলেন। আমরা এখনও পর্যন্ত তিনজনকে উদ্ধার করেছি। কিন্তু ধোঁয়ার কারণে উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে।’