বিশেষ প্রতিবেদক: বেনাপোল-ঢাকা রুটে আরও একটি ট্রেন চলাচলসহ পাঁচ দফা দাবিতে স্মারকলিপি দিয়েছে বৃহত্তর যশোর রেল যোগাযোগ উন্নয়ন সংগ্রাম এবংকমিটি।
মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর এই স্মারকলিপি প্রদান করেন নেতৃবৃন্দ। স্মারকলিপিটি গ্রহণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুজন সরকার।
স্মারকলিপিতে উল্লিখিত পাঁচদফা দাবি হলো, ভোরবেলা বেনাপোল থেকে যশোর-নড়াইল-ঢাকা রুটে আরো একটি আন্তঃনগর ট্রেন এবং দর্শনা (গেদে সীমান্ত) থেকে যশোর-নড়াইল-ঢাকা রুটে দুইটি আন্তঃনগর ট্রেন দিতে হবে। ঢাকা-নড়াইল-যশোর-বেনাপোল বা দর্শনা সীমান্ত রুটে অন্তত: একটি লোকাল ট্রেন দিতে হবে। দর্শনা থেকে খুলনা পর্যন্ত ডবল লাইন রেলপথ চালু করতে হবে; সুবিধাজনক যে কোন স্টেশনে অভ্যন্তরীণ কন্টেইনার টার্মিনাল (আইসিটি) স্থাপন করতে হবে; সকল আন্তঃনগর ট্রেনে সাধারণ বগি যুক্ত করতে হবে।
স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন কমিটির আহ্বায়ক কাওসার আলী, সদস্য সচিব ইঞ্জিনিয়ার রুহুল আমিন, যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান ভিটু, সাবেক অধ্যক্ষ শাহীন ইকবাল, অ্যাডভোকেট মাহমুদ হাসান বুলু, সাইদ আহমেদ নাসির শেফার্ড, হাবিবুর রহমান মিলন, শেখ আলাউদ্দিন, আমিনুর রহমান হীরু, সদস্য হারুন অর রশীদ প্রমুখ।
স্মারকলিপি প্রদান কালে নেতৃবৃন্দ বলেন, ৩৯ হাজার ২৪৬ কোটি ৭৯ লাখ টাকা ব্যয়ে ২০১৮ সালে পদ্মাসেতু রেল প্রকল্প শুরু হয়। প্রকল্পের নাম ঢাকা-যশোর হলেও বিগত সময়কালে যশোরকে ট্রেন সুযোগের বাইরে রেখে পরিকল্পনা দাঁড় করানো হয়। যশোরবাসীকে ২০ কিলোমিটার দূরে পদ্মবিলায় যেয়ে ট্রেন ধরতে হবে। এমন সংবাদ মিডিয়ায় আসার পর যশোরবাসী বিক্ষুব্ধ হয় এবং সংগঠিতভাবে প্রতিবাদ-বিক্ষোভ অব্যাহত রাখে। প্রকল্পটি উদ্বোধনের পর যশোরবাসী একটি ট্রেন পায়। তাও কাক্সিক্ষত সময়ে নয়।
নেতৃবৃন্দ আরও বলেন, ব্যয়বহুল এই রেলপথে দিনে একটি ট্রেন দুইবার যাওয়া-আসা করে- যা অপচয় ছাড়া কিছু নয়। আমরা যশোরবাসী প্রথম থেকে দাবি করছিলাম ভোর বেলা যশোর থেকে ঢাকার উদ্দেশ্যে একটি ট্রেন দেওয়া হোক-যাতে আমরা বাড়ি থেকে ঢাকায় যেয়ে অফিস বা কাজ করতে পারি এবং ঢাকা থেকে যশোরের উদ্দেশ্যে একটা ট্রেন দেওয়া হোক- যাতে ঢাকায় কাজ সেরে বাড়িতে ফিরে আসতে পারি। এছাড়াও বেনাপোল, যশোর, মোবারকগঞ্জ, কোটচাঁদপুর, দর্শনা থেকে ঢাকার উদ্দেশ্যে প্রচুর যাত্রী পাওয়া সম্ভব। যাতে বাংলাদেশ রেল বা সরকার আর্থিকভাবে লাভবান হবে। স্মারকলিপিটি গ্রহণ করে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুজন সরকার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দিয়েছেন।