গলায় মাংস আটকে কিশোরের মৃত্যু

নিউজটি শেয়ার লাইক দিন

জামালপুর প্রতিনিধি: মাংস খাওয়ার সময় গলায় মাংস আটকে ইয়াসিন হোসেন (১৪) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে।

এ হৃদয়বিদারক ঘটনাটি ঘটে ঈদের দিন (২৮ মে) বিকেলে জামালপুর জেলার ইসলামপুর উপজেলার পোড়ারচর ইউনিয়নের নয়াপাড়া এলাকায়। ঈদের আনন্দ মুহূর্তেই পরিণত হয় শোক ও মাতমে।

নিহত ইয়াসিন হোসেন ওই এলাকার রফিকুল ইসলামের ছেলে। সে স্থানীয় বটচর নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র ছিল। পরিবারের সদস্যদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতেই সে দুপুরে কোরবানির মাংস খেতে বসেছিল।

পরিবার সূত্রে জানা গেছে, ঈদুল আজহার নামাজ শেষে পরিবারের সবাই মিলে কোরবানির প্রস্তুতি সম্পন্ন করেন। গরু কোরবানি ও মাংস কাটার কাজ শেষে দুপুরে রান্না করা মাংস পরিবেশন করা হয়। খাবার খাওয়ার সময় হঠাৎ ইয়াসিনের গলায় গরুর মাংস আটকে যায়। মুহূর্তেই তার শ্বাসপ্রশ্বাস বন্ধ হয়ে যায় এবং সে ছটফট করতে শুরু করে। পরিবারের সদস্যরা দ্রুত তাকে ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের বাবা রফিকুল ইসলাম বলেন, সকালে ছেলে আমার সঙ্গে ঈদের নামাজ পড়ে বাড়ি আসে। তারপর কোরবানি করি, দুপুরে সবাই মিলে খেতে বসি। হঠাৎ তার গলায় মাংস আটকে যায়। হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার বলে আমার ছেলে আর বেঁচে নেই। ঈদের দিনেই আমি আমার সন্তানকে হারালাম।

ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু তাহের জানান, হাসপাতালে আনার আগেই কিশোরটির মৃত্যু হয়েছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গলায় মাংস আটকে শ্বাসরোধ হওয়ার কারণেই তার মৃত্যু হয়েছে।

ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাইয়ুম গাজী জানান, মাংস খাওয়ার সময় গলায় মাংস আটকে কিশোরের মৃত্যুর বিষয়টি তারা জেনেছেন এবং ঘটনাটি স্বাভাবিকভাবে তদন্ত করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *