উত্যক্তের প্রতিবাদ করায় নানাকে কুপিয়ে হত্যা

নিউজটি শেয়ার লাইক দিন

নিজস্ব প্রতিবেদক:  যশোরের মণিরামপুরে নবম শ্রেণী পড়ুয়া নাতনীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় নানা এনামুল হোসেন (৫০) কে কুপিয়ে হত্যা করেছে বকাটেরা।

নাতনী শাপলা(১৪) (ছদ্মনাম) ঝিকরগাছা বালিকা বিদ্যালয়ের নবম শ্রেণীর শিক্ষার্থী। এ ঘটনায় মনিরামপুর থানা পুলিশ হোসাইন (২২) নামের এক বখাটে কে আটক করেছেন। হত্যাকাণ্ডে জড়িত অন্যান্যদের ও ধরতে পুলিশ তৎপর রয়েছে বলে জানিয়েছেন মনিরামপুর থানার অফিসার ইনচার্জ আবু সাঈদ।

সোমবার (৮ জুন) রাত ৯টার দিকে উপজেলার শরমপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত এনামুল হোসেন ঝিকরগাছা উপজেলার ফারাসতপুর গ্রামের বাসিন্দা। তিনি রাজমিস্ত্রি কাজ করে জীবিকা নির্বাহ করতেন।

নিহতের স্বজন সাদ্দাম হোসেন জানান, কয়েকদিন আগে এনামুলের নাতনিকে স্থানীয় কয়েকজন বখাটে যুবক উত্ত্যক্ত করেন। পরে রোববার সন্ধ্যায় মণিরামপুর উপজেলার শরমপুর গ্রামের বাজারে গেলে ফারাসাত গ্রামের মফিজুল ইসলামের ছেলে রাব্বির সঙ্গে দেখা হয় এনামুলের। এ সময় এনামুল তার নাতনীকে উত্ত্যক্ত করার বিষয়ে জানতে চাইলে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে পরিস্থিতি শান্ত করে তাদের সরিয়ে দেন স্থানীয় বাজারের লোকজন। এরপর সোমবার রাত ৯টার দিকে এনামুল শরমপুরে বাজারে গেলে রাব্বি (১৮) নেতৃত্বে রবিউল (৪০), হোসাইন (২৫), রাকিব (২০) ও মেহেদী ধারালো অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে ইমামুল হোসেনের ওপর পরিকল্পিত হামলা চালিয়ে তাকে কুপিয়ে আহত করেন। স্থানীয়রা সাথে সাথে তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।

যশোর ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের চিকিৎসক রাহুল দেব জানান, রাত দশটার দিকে কয়েকজন লোক এনামুলকে হাসপাতালে নিয়ে আসেন। এ সময়ে পরীক্ষা-নিরীক্ষা করে দেখা যায় আধা ঘন্টা আগেই তার মৃত্যু হয়েছে। তার ডান পাশের পিঠে গুরুতর ধারালো আঘাত রয়েছে এবং অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের জন্য মৃতদেহটি হাসপাতালে রাখা হয়েছে।

মণিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু সাইদ বলেন, ঘটনার সাথে সাথে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে এবং খোঁজখবর নিয়েছে। এ ঘটনায় হোসাইন(২২) নামে এক বখাটেকে আটক করা হয়েছে। এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত বাকিদের গ্রেফতারে পুলিশ বিভিন্ন স্থানে অভিযান অব্যাহত রেখেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *