বেনাপোলে ১৫ টি স্বর্ণের বারসহ পাচারকারী আটক

নিউজটি শেয়ার লাইক দিন

স্টাফ রিপোর্টার: যশোরের বেনাপোলে ১৫ টি স্বর্ণের বারসহ এমানুর রহমান (১৮) নামে এক পাচারকারী আটক হয়েছে।

শুক্রবার(১৮ নভেম্বর ২০২২) বিকেল তিনটার দিকে যশোর জেলার বেনাপোল দৌলতপুর সীমান্তের অভিযান চালিয়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা এসব স্বর্ণের বারসহ তাকে আটক করেন।

আটক এমানুর রহমান বেনাপোল পুটখালী পূর্ব পাড়া এলাকার মশিউর রহমানের ছেলে।

উদ্ধারকৃত স্বর্ণের ওজন এক কেজি ৭৪৯ গ্রাম। এসব স্বর্ণের বাজার মূল্য ১কোটি ২৩ লাখ ৭০ হাজার ৪৩০ টাকা। বিজিবি সদস্যরা স্বর্ণ পাচারের কাজে ব্যবহৃত ১ টি বাইসাইকেলও জব্দ করেন।

খুলনা ২৩ বিজিবি ব্যাটালিয়ন এর অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ তানভীর রহমান, পিএসসি, ইঞ্জিনিয়ার্স বলেন, বিজিবির নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শুক্রবার দুপুরে জানতে পারি একজন স্বর্ণ পাচারকারী একটি বাইসাইকেল যোগে স্বর্ণ নিয়ে পুটখালী সীমান্তের দিকে যাচ্ছে। এরপর ওই স্বর্ণ পাচারকারী দৌলতপুর বালুর মাঠ এলাকার ব্রিজের কাছে আসলে তাকে আটক করা হয়। পরে ক্যাম্পে নিয়ে তার বাইসাইকেলের সিটের তলায় বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ১৫ টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের ওজন ১কেজি ৭৪৯ গ্রাম। এসব স্বর্ণের বাজার মূল্য ১কোটি ২৩ লাখ ৭০ হাজার ৪৩০ টাকা। পরে আটকৃতের বিরুদ্ধে স্বর্ণ পাচারের মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ কামাল ভূঁইয়া স্বর্ণ পাচারের মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

 

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *