স্টাফ রিপোর্টার: বেনাপোল পুটখালী ইউনিয়নে আবারো নৌকার প্রার্থী আব্দুল গাফফারের সমার্থক ও স্বতন্ত্রপ্রার্থী নাসির উদ্দিন সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় প্রতিপক্ষের হামলায় জন গুরুতর জখম হয়েছে।
রোববার (২১ নভেম্বর) পুটখালী ইউনিয়নের খলসী বাজারে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- নৌকার প্রার্থীর সমর্থক হযরত আলী (২৯) ও মাহবুব হোসেন (৩০)। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।
নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী আব্দুল গফফার সরদার দাবি করে জানান তার সর্মথকরা রোববার পুটখালী খুলশী এলাকায় প্রচারণা চালাচ্ছেন এ সময় স্বতন্ত্র প্রার্থী নাসিরের কর্মী সমর্থক টুটুল হোসেন, শাওন ও নজিবুল্লাহ হযরত আলী ও নজিবুল্লাহ উপর অতর্কিত হামলা করেন। এতে হযরত আলী ও মাহবুব হোসেন গুরুতর জখম হন।
বিষয়টি জানতে চাইলে আনারস প্রতীকের স্বতন্ত্রপ্রার্থী নাসির উদ্দিন বলেন, নির্বাচন কে কেন্দ্র করে নৌকার সমার্থক কর্মীরা এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করছে। তারা ইউনিয়ন জুড়ে আধিপত্য বিস্তার করছে। আমাদের কর্মীদের অহেতুক মামলা দিয়ে তাদের বাড়ি ছাড়া করেছে। তাই তাদের উপর হামলার বিষয়টি প্রশ্নই আসে না। নৌকার প্রার্থী আব্দুল গফফার ও বেনাপোলে এক নেতার কলা কৌশলে পুরো ইউনিয়ন জুড়ে নৌকার সমার্থকরা ত্রাস সৃষ্টি করছে। তারা নিজেরাই কৌশলে এ ধরনের ঘটনা ঘটিয়ে আমাকে দাবিয়ে রাখার জন্য অপচেষ্টা করা হচ্ছে। নৌকার প্রার্থী আব্দুল গফফার জানেন এলাকায় ফেয়ার ইলেকশন হলে আমি জয়ী হব। যে কারণে সে এসব অপকৌশল করছে বলে জানান তিনি।
বিষয়টি নিয়ে বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ মামুন খানের কাছে জানতে চাইলে তিনি বলেন, আজকের ঘটনায় এ পর্যন্ত থানায় কেউ লিখিতভাবে অভিযোগ করেনি। তবে পুলিশের পক্ষ থেকে নির্বাচনী সহিংসতা রোধে কি ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে বিষয়টি জানতে চাইলে তিনি বলেন, কি ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে এটা সংবাদমাধ্যমকে জানানো যাবে না। তবে তিনি এটা জানিয়েছেন, পুলিশের পক্ষ থেকে প্রকৃত ঘটনা উদঘাটনের চেষ্টা চলছে। এর পরেই ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান এ কর্মকর্তা।