স্টাফ রিপোর্টার: বেনাপোলে আলোচিত মাদক ব্যবসায়ী হাবিবুর রহমান হাবিব ৬০ বোতল ফেন্সিডিলসহ ঝিকরগাছায় আটক হয়েছে।
শনিবার রাত ১১টার দিকে ঝিকরগাছা উপজেলার কৃষ্ণনগর ৩ নম্বর ওয়ার্ডের মাগুর পট্টি সম্মিলনী মোড়ের পপি মেডিকেল স্টোরের সামনে অভিযান চালিয়ে যশোর র্যাব সদস্যরা তাকে এসব মাদকদ্রব্যসহ আটক করেন। আটক হাবিবুর রহমান হাবিব বেনাপোল কদমতলী ৯ নম্বর ওয়ার্ডের মৃত্যু ফজলুল হকের ছেলে।
যশোর র্যাব-৬, সিপিসি-৩ ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার লেঃ এম সারোয়ার হুসাইন বলেন, আটক হাবিবুর রহমান বেনাপোলের একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। সে দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে মাদক ব্যবসা করে আসছিল। শনিবার রাত এগারোটার দিকে গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি হাবিবুর ঝিকরগাছা উপজেলার কৃষ্ণবাটি পপি মেডিকেলের সামনে মাদক নিয়ে অবস্থান করছে। এ সময় ফোর্স নিয়ে সেখানে অভিযান চালিয়ে ৬০ বোতল ফেনসিডিলসহ তাকে হাতেনাতে আটক করা হয়। পরে তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে ঝিকরগাছা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক মাদক ব্যবসায়ীকে থানায় হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করেছেন।