বিএনপি নেতার বাড়িতে দাফনের সামগ্রী রেখে গেল কারা !

নিউজটি শেয়ার লাইক দিন

যশোর প্রতিনিধি: যশোরের মনিরামপুরে বিএনপি ও যুবদলের দুই নেতার বাড়ির সামনে রেখে যাওয়া হয়েছে কাফনের কাপড়, দা, গোলাপ জল, চিরকুটসহ দাফনের বিভিন্ন সামগ্রী।

বৃহস্পতিবার (৬ই জুন) ভোরে জেলার মনিরামপুর উপজেলার কাশিমনগর ইউনিয়নের ইত্যা গ্রামে এ ঘটনা ঘটে। এতে রাজনৈতিক অঙ্গনসহ এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

দাফনের সামগ্রী রাখা হয় ইউনিয়নের ইত্যা ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি শাহজান সরদার ও তাঁর ভাতিজা, যুবদল সদস্য আবু তাহেরের বাড়ির সামনে। ঘটনাস্থলে পাওয়া চিরকুটে লেখা ছিল, “তোরা চাচা ভাইপো এলাকায় যা শুরু করেছিস, তোদের সময় শেষ।” এতে করে দুই নেতা এবং তাঁদের পরিবারসহ স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে এসব কাফনের কাপড়সহ দাফন সামগ্রী কারা রেখেছে সে বিষয়ে এখনো কিছুই জানা যায়নি।

ঘটনার পরপরই শাহজান সরদার ও আবু তাহের মনিরামপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশ বিষয়টি তদন্ত করছে বলে জানিয়েছে।

এদিকে ঘটনার প্রতিবাদে শুক্রবার (৭ই জুন)রাত আট ঘটিকায় কাশিমনগর ইউনিয়ন বিএনপির আয়োজনে এক বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে অংশ নেন ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি শরিফুল ইসলাম,মনিরামপুর উপজেলা বিএনপির সদস্য মঈন হোসেন ও কামরুজ্জামান, ইউনিয়ন বিএনপি সদস্য রুস্তম আলী, সেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আমিনুর রহমান, ইত্যা ১নম্বর ওয়ার্ড বিএনপি সভাপতি শাহজান সরদার, যুবদল সদস্য আবু তাহের এবং কৃষকদল সভাপতি আতর হোসেন ও বিএনপি অংগ সংগঠনের নেতৃবৃন্দ।

বক্তারা এ ঘটনাকে কাপুরুষোচিত ও রাজনৈতিক ষড়যন্ত্রের অংশ হিসেবে উল্লেখ করে বলেন, “বিএনপির নেতাকর্মীদের দমন করার জন্য ভয়ভীতি দেখিয়ে কোনো লাভ হবে না। গণতন্ত্রের লড়াই থেকে আমরা একচুলও পিছিয়ে আসব না।”

তারা অবিলম্বে দোষীদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান এবং প্রশাসনের প্রতি নিরপেক্ষ ভূমিকা পালনের আহ্বান জানান।

মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবলুর রহমান খান বলেন, ‘ভুক্তভোগী বিএনপি নেতা থানাতে একটা অভিযোগ দিয়ে গেছেন। বিষয়টি নিয়ে পুলিশ অনুসন্ধান শুরু করেছে। এরপরই দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *