বাঘারপাড়ায় নৌকা প্রতীকের অফিসে হামলা আহত ৩

নিউজটি শেয়ার লাইক দিন

বাঘারপাড়া প্রতিনিধি: যশোরের বাঘারপাড়ার নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থীর অফিসে হামলা করেছে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আবুল সরদারের সমর্থকরা। ঘটনাটি ঘটেছে রোববার রাত পৌনে বারোটার দিকে উপজেলার নারিকেলবাড়িয়া ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী বাবলু সাহার নির্বাচনী অফিসে। এ ঘটনায় নৌকা প্রতীকের ৩ কর্মী গুরুতর জখম হয়েছেন।

নৌকার কর্মী জাকির হোসেন জানান, রোববার রাত পৌনে ১২ টার দিকে নৌকার সমর্থক মালঞ্চী গ্রামের মোক্তার হোসেন মোটরসাইকেলযোগে মালঞ্চী গ্রামের হাজিরকুড় পাড়ের নৌকার অফিস থেকে ৫০ গজ দূরের মালঞ্চী স্কুল মাঠ সংলগ্ন আরেকটি নৌকার অফিসে যাচ্ছিলেন। এ সময় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আবুল সরদারের সমর্থকরা তাকে পিটিয়ে আহত করে। খবর পেয়ে নৌকার কয়েকজন সমর্থক এগিয়ে এলে তাদের ওপরও হামলা চালায় আনারস প্রতীকের সমর্থকরা। হামলাকারীরা একই সাথে নৌকার নির্বাচনী কার্যালয় ভাংচুর করে। এ সময় আরো আহত হয় নৌকার কর্মী মালঞ্চী গ্রামের সত্তার মোল্যার ছেলে শিমুল ও আব্দুল লতিফের ছেলে তরিকুল ইসলাম। আহতদের বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। এর মধ্যে তরিকুলের বুকে ও মোক্তার মাথায় গুরুতর আঘাত পাওয়ায় তাদেরকে যশোর জেনারেল হাসপাতালে রেফার করা হয়েছে।
নৌকা প্রতীকের প্রার্থী বাবলু কুমার সাহা অভিযোগ করেন, আনারস প্রতীকের প্রার্থী আবু তাহের আবুল সরদারের নির্দেশে ৮ নং ওয়ার্ডের মেম্বর প্রার্থী আলতাফ হোসেনের নেতৃত্বে ২০/১৫ জন এ হামলার ঘটনা ঘটিয়েছে। নৌকার নির্বাচনী কার্যালয় ভাংচুর ও তার কর্মীদের ওপর হামলা চালিয়েছে। হামলাকারীরা বিএনপি-জামাতের নেতা-কর্মী বলেও উল্লেখ করেন বাবলু সাহা। আনারস প্রতীকের প্রার্থী আবু তাহের আবুল সরদার ও মেম্বর প্রার্থী আলতাফ হোসেনের মোবাইল ফোন বন্ধ থাকায় তাদের বক্তব্য পাওয়া যায়নি।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সুমাইয়া রহমান জানান, আহত তিনজনের মধ্যে তরিকুল ও মোক্তারের অবস্থা গুরুতর হওয়ায় তাদেরকে যশোর জেনারেল হাসপাতালে রেফার করা হয়েছে।

বাঘারপাড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ আহমেদ বলেন, রোববার রাত সোয়া ১ টার দিকে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। কিন্তু কারা এই হামলার সাথে জড়িত তা তদন্ত করা হচ্ছে। তাছাড়া ভিকটিমের পরিবার থেকে এখনো পর্যন্ত থানায় লিখিতভাবে অভিযোগ করেনি। অভিযোগ করলে ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *