নিজস্ব প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাট উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের শরিফ নামে এক যুবক যশোরে ধর্ষণ মামলায় আটক হয়েছে। শুক্রবার যশোর সদর থানার পুলিশ তাকে আটক করে। আটক শরিফকে আজ আদালতে হস্তান্তর করা হবে বলে সদর থানার অফিস ইনচার্জ মনিরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।
মামলার বিবরণে জানা যায় ,যশোরের এক কলেজ ছাত্রীর সাথে প্রেম ও বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের পর ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দেয়ার ভয় দেখানোর অভিযোগে এমএস শরিফ নামে এক যুবককে আটক করেছে পুলিশ। শুক্রবার আটক যুবককে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। শরিফ বাগেরহাটের ফকিরহাট উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের শেখ তৈয়েবুর রহমানের ছেলে।
ভুক্তভোগী মেয়ের পিতার দায়ের করা মামলায় উল্লেখ করেছেন, তার মেয়ে যশোর সরকারি সিটি কলেজে লেখাপড়া করেন। আসামি শরিফের সাথে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এক পর্যায় তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে বিভিন্নস্থানে ঘুরাঘুরি করে। গত বছরের ২৪ নভেম্বর দুপুর ১২টার দিকে যশোর শহরের খড়কি ইকবাল মঞ্জিলের আবাসিক কক্ষে মেয়েটিকে ধর্ষণ করে। ওই সময় আসামি শরিফ ধর্ষণের ভিডিও ধারণ করে। পরবর্তীতে শরিফ বিয়ের প্রস্তাব দিলে মেয়ে এবং তার পরিবার বিয়ে দিতে অস্বীকার করে। এরপর শরিফ ধারণ করা ভিডিও মেয়ের পিতার ইমোতে পাঠিয়ে বলেছে তার সাথে বিয়ে না দিলে ফেসবুকে ছেড়ে দেয়া হবে। এই ঘটনায় মেয়ের পিতা শুক্রবার কোতোয়ালি মডেল থানায় মামলা করেছেন।
যশোর সদর ফাঁড়ি পুলিশের ইনচার্জ তুষার কুমার মন্ডল জানান, মেয়ের পক্ষ থেকে মামলা করার পর আসামি শরিফকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে অপরাধের বিষয়টি স্বীকার করেছে। আগামীকাল শুক্রবার থাকায় তাকে আদালতে হস্তান্তর করা সম্ভব হয়নি। তাই আজ তাকে আদালত হস্তান্তর করা হবে বলে তিনি জানান।