স্টাফ রিপোর্টার: বেনাপোল বন্দরে একটি পিস্তল ও ৯৩ রাউন্ড গুলিসহ গুরজীত সালুজা (৩১)ও রাম দাস নাওয়াদি (২৪) নামে ভারতীয় ট্রাক চালক ও সহকারি চালক আটক আটক হয়েছে।
রোববার বেলা সাড়ে এগারোটার দিকে বেনাপোল বন্দরে প্রবেশের সময়ে ভারত থেকে আমদানীকৃত একটি কাঁচা মরিচ বোঝাই ট্রাক তল্লাশী করে এ অস্ত্রগুলি সহ তাদেরকে আটক করেন বেনাপোল আইসিপির বিজিবি ক্যাম্পের সদস্যরা।
বিষয়টি নিশ্চিত করেছেন যশোর ৪৯ বিজিবি ব্যাটেলিয়ানের অধিনায়ক লেফটেন কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী।
তিনি জানান, নিত্যদিনের মতো ভারত থেকে আসা আমদানিকৃত পণ্যের ট্রাকে বিজিবি সদস্যরা রোববার বেলা সাড়ে এগারোটার দিকে তল্লাশি চালাচ্ছিলেন। এ সময়ে ভারতীয় কাঁচা মরিচের একটি ট্রাকের ড্রাইভারের আসনের তলায় তল্লাশি করে একটি পিস্তল ও ৯৩ রাউন্ড গুলি জব্দ করেন বিজিবি সদস্যরা। পরে তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দিয়ে তাদেরকে বেনাপোল বন্দর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।