স্টাফ রিপোর্টার: যশোরের প্রবীণ সাংবাদিক এমএ মান্নান মিয়া আর নেই। মঙ্গলবার (২৮ই মার্চ ২০২৩) রাত সাড়ে ৮টার দিকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে বার্ধক্য জনিত বিভিন্ন রোগে ভুগে তিনি মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮১ বছর। তিনি ডেইলি ইন্ডিপেন্ডেন্ট ও বার্তা সংস্থা ইউএনবি’র প্রতিনিধি ছিলেন।
সাংবাদিক এমএ মান্নানের ছেলে আব্দুল কাউয়ুম বলেন, তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন রোগে অসুস্থ বাড়িতে শয্যাশায়ী ছিলেন।মঙ্গলবার রাতে তিনি বেশি অসুস্থ হয়ে পড়লে তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে আসা হয়। হাসপাতালে আনার পর কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।
মৃত্যুকালে তিনি এক ছেলে দুই মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুর খবর পেয়ে তার পুলিশ লাইন টালিখোলা এলাকার বাড়িতে ছুটে যান দীর্ঘদিনের সহকর্মীরা।
প্রবীণ সাংবাদিক এমএ মান্নান মিয়া ১৯৪২ সালের ১ ফেব্রুয়ারি বাগেরহাটের মোড়েলগঞ্জের চন্ডিপুর গ্রামে জন্মগ্রহণ করেন। রাষ্ট্র বিজ্ঞানে অনার্স ডিগ্রিধারী আব্দুল মান্নান কর্মজীবনে প্রথমে ১৯৬৫-৬৬ সালে শিক্ষকতা করেন। পরে ১৯৭২-৭৯ সাল পর্যন্ত সরকারি চাকরি করেন।
তিনি সাংবাদিকতা শুরু করেন ১৯৮০ সালে সাপ্তাহিক এখনই সময় পত্রিকায়। এরপর ১৯৮১ সালে খুলনার দৈনিক জন্মভূমি, ১৯৮২ সালে ঢাকার দৈনিক জনতা, ১৯৮৪ সালে ঢাকার ডেইলি মর্নিং সান, ১৯৯৩ সালে এনএনবি এবং ১৯৯৫ সাল থেকে ডেইলি ইনডিপেন্ডেন্ট পত্রিকায় কর্মরত ছিলেন।
তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন ও সাধারণ সম্পাদক এসএম তৌহিদুর রহমান।