নিজস্ব প্রতিবেদক: যশোর পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা যশোরের দড়াটানা ভৈরব চত্বরে বিক্ষোভ সমাবেশ করেছেন।
রোববার বেলা সাড়ে ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত এ সমাবেশ করেন ৩ শতাধিক শিক্ষার্থীরা।
যশোর পলিটেকনিক ইনস্টিটিউট প্রাঙ্গণ থেকে শিক্ষার্থীরা মিছিলসহকারে নিউমার্কেট চত্বর হয়ে দড়াটানা ভৈরব চত্বরে অবস্থান নেন। সেখানে সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করে তারা কর্মসূচি সমাপ্ত ঘোষণা করেন।
সমাবেশে বক্তারা বলেন, কারিগরি শিক্ষা ব্যবস্থার উন্নয়ন এবং ডিপ্লোমা শিক্ষার্থীদের ন্যায্য অধিকার নিশ্চিত করার লক্ষ্যে সারাদেশে একযোগে এই কর্মসূচি পালন করা হচ্ছে। তারা ছয় দফা দাবির বাস্তবায়নের জন্য দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
শিক্ষার্থীদের ছয় দফা দাবি নিম্নরূপ:
ক্রাফট ইনস্ট্রাক্টর সম্পর্কিত রায় ও নিয়োগ বাতিল:
জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ক্রাফট ইনস্ট্রাক্টরদের পদোন্নতির হাইকোর্টের রায় বাতিল, ২০২১ সালের বিতর্কিত নিয়োগ বিধি বাতিল এবং সংশ্লিষ্ট রিট দায়েরকারীদের স্থায়ীভাবে চাকরিচ্যুত করতে হবে। সেই সঙ্গে “ক্রাফট ইনস্ট্রাক্টর” পদবি পরিবর্তন করতে হবে।
চার বছর মেয়াদি কোর্স অব্যাহত রাখা:
ডিপ্লোমা ইন-ইঞ্জিনিয়ারিং কোর্স চার বছর মেয়াদে বহাল রাখতে হবে এবং আন্তর্জাতিক মান অনুসরণ করে আধুনিক সিলেবাস ও কারিকুলাম প্রণয়ন করতে হবে।
নিয়োগ বিধিমালা সংস্কার ও নতুন নিয়োগ:
কারিগরি শিক্ষা অধিদপ্তরের বিতর্কিত সব নিয়োগ বিধিমালা সংশোধন করে পলিটেকনিক ও টিএসসিতে দক্ষ শিক্ষক ও ল্যাব সহকারী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে।
উচ্চশিক্ষার সুযোগ ও গেজেট প্রকাশ:
ডিপ্লোমা পাস শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ দিতে একটি আধুনিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার গেজেট প্রকাশ করতে হবে। নওগাঁ, ঠাকুরগাঁও, নড়াইল ও খাগড়াছড়ি ইঞ্জিনিয়ারিং কলেজে শতভাগ আসন নিশ্চিত করতে হবে।
দশম গ্রেডের পদ সংরক্ষণ ও বেতন নির্ধারণ:
উপসহকারী প্রকৌশলী ও সমমানের (দশম গ্রেড) পদে শুধুমাত্র ডিপ্লোমা ইন-ইঞ্জিনিয়ারিং পাস শিক্ষার্থীদের জন্য আবেদন সংরক্ষিত রাখতে হবে এবং প্রাইভেট সেক্টরে তাদের ন্যূনতম ১৬,০০০ টাকা বেতন নিশ্চিত করতে হবে।
কারিগরি সেক্টরে দক্ষ জনবল নিয়োগ:
কারিগরি শিক্ষা সংস্কার কমিটি গঠন করে পরিচালক, উপ-পরিচালক, অধ্যক্ষসহ সকল প্রশাসনিক পদে কারিগরি শিক্ষায় প্রশিক্ষিত জনবলকে নিয়োগ দিতে হবে।
শিক্ষার্থীরা জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত এ আন্দোলন চলবে। তারা আগামী দিনে আরও বড় কর্মসূচির ঘোষণা দেওয়ার ও হুঁশিয়ারি দেন।