রাজশাহী সংবাদদাতা: রাজশাহীতে এক নারী ধূমপায়ীর ছবি ভাইরাল হয়েছে। ওই নারী রাজশাহীতে জনসমক্ষে একটি পুরুষের সাথে ধূমপায়ী করায় স্থানীয়রা তার ছবি তুলে অনলাইনে ছাড়েন। এর পরপরই ছবিটি ভাইরাল হয়ে যায়। এ ঘটনার প্রতিবাদ জানিয়েছেন রাজশাহীর একদল তরুণ-তরুণী। শুক্রবার সন্ধ্যায় নগরীর সার্কিট হাউজ রোডের পাশে বসে প্রকাশ্যে ধূমপান করে ওই নারী। তবে কাউকে ধূমপান করতে উৎসাহিত করার উদ্দেশ্যে এমন প্রতিবাদ নয় বলেও জানান তারা।
জানা যায়, ১০-১১ জন তরুণ-তরুণী এই প্রতিবাদে অংশ নেন। তারা সেখানে জড়ো হয়ে গান-বাজনা করে এবং তাদের মধ্যে যারা ধূমপায়ী তারা প্রতিবাদ করে প্রকাশ্যে ধূমপান করে। তবে এ সময় পথচারীরা সেখানে প্রকাশ্যে ধূমপানের প্রতিবাদ জানালে বাকবিতণ্ডা হয়।
প্রতিবাদে অংশ নেওয়া এক তরুণী বলেন, আমরা কয়েকজন মিলে সেখানে গান-বাজনা করেছি। আমাদের মধ্যে যারা ধূমপায়ী তারা সেখানে ধূমপান করেছে। ধূমপান আমাদের প্রতিবাদের একটি অংশ। প্রকাশ্যে ধূমপান করায় এর আগে একজন নারীকে হেনস্তার শিকার হতে হয়েছে। ধূমপান করা ঠিক নয়। পুরুষরা প্রকাশ্যে ধূমপান করছে কিন্তু নারীদের বাধা দেওয়া হচ্ছে। আমরা এমন দ্বৈত আচরণের প্রতিবাদ জানাচ্ছি।
রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) মুখপাত্র গোলাম রুহুল কুদ্দুস বলেন, ‘আমরা ওই তরুণীর বিষয়টি জানি। ভিডিওটিও দেখেছি। ভুক্তভোগীদের পক্ষ থেকে একটা লিখিত অভিযোগ পাওয়া গেলেই আইনগত ব্যবস্থা গ্রহণ করা যেত। কিন্তু কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান।