নামও পরিবর্তন করেও রক্ষা হলো না ৪১ মামলার আসামী দেলোয়ারের

নিউজটি শেয়ার লাইক দিন

নিজস্ব প্রতিবেদক: নামও স্থান পরিবর্তন করেও রক্ষা হলো না ৪১ মামলার আসামী যশোর ছাতিয়ানতলা এলাকার প্রতারক দেলোয়ারের।

বৃহস্পতিবার রাত সাড়ে তিনটার দিকে ঢাকার গাজীপুর কালিয়াকৈর এলাকার একটি ভাড়া বাসা থেকে তাকে গ্রেফতার করেছেন যশোর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল।।

প্রতারক দেলোয়ার যশোর সদর উপজেলার ছাতিয়ানতলা গ্রামের জয়নাল আবেদীন দফাদারের ছেলে।

বৃহস্পতিবার দুপুরে এক প্রেস বার্তার মাধ্যমে বিষয়টি জানিয়েছেন যশোরের পুলিশের মুখপাত্র নুরে আলম সিদ্দিকী।

তিনি জানান, দেলোয়ার হোসেন ২০১১-১২ সালে বরিশালের রাইপাশা গ্রামীণ ব্যাংক শাখার ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। সেই চাকরি করার সুবাদে বিভিন্ন সময়ে প্রতারণার মাধ্যমে গ্রাহকদের কাছ থেকে কয়েক কোটি টাকা আত্মসাৎ করেন। এসব অর্থ আত্মসাতের ঘটনায় তার বিরুদ্ধে ৪১টি মামলা হয়। তারমধ্যে ২৫টি মামলা সাজা হয়েছে। মামলা হওয়ার পর গ্রামীণ ব্যাংক ২০১৩ সালে তাকে চাকরি থেকে অব্যাহতি দেন। এ সব মামলা থেকে বাঁচতে তিনি যশোর ছেড়ে ঢাকা গাজীপুরের কালিয়াকৈর এলাকায় নিজের প্রকৃত নাম দেলোয়ার হোসেন গোপন রেখে তুহিন নাম ধারণ করে দীর্ঘদিন যাবত আত্মগোপনে ছিলেন । গোপন সংবাদের মাধ্যমে জানতে পেরে গাজীপুরের কালিয়াকৈর এলাকায় গিয়ে যশোরের গোয়েন্দা পুলিশের একটি টিম অভিযান চালিয়ে রাত সাড়ে তিনটার দিকে তার ভাড়া বাসা থেকে তাকে গ্রেফতার করেছেন।

 

 

যশোর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ মনজুরুল হক ভূঁইয়া বলেন, বরিশাল সদর উপজেলার রাইপাশায় গ্রামীণ ব্যাংকে চাকরি করা কালীন সময়ে প্রতারণার মাধ্যমে গ্রাহকদের কয়েক কোটি টাকা আত্মসাৎ করেন। এরপর গ্রাহক তার বিরুদ্ধে ৪১টি প্রতারণা মামলা দায়ের করেন। এ সব মামলার মধ্যে ২৫টি মামলা সাজা হয়েছে। সাজা এড়াতে তিনি ২০১৩ সাল থেকে দেশের বিভিন্ন এলাকায় পালিয়ে বেড়ান। গতকাল গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি ঢাকার গাজীপুরের কালিয়াকৈর এলাকায় নিজের নাম দেলোয়ার পরিবর্তন করে তুহিন নাম ধারণ করে আত্মগোপনে রয়েছে। আমি এ সময়ে যশোর গোয়েন্দা পুলিশের এসআই শেখ আবু হাসান, এএসআই সৈয়দ শাহীন ফরহাদ, এএসআই নাজমুল ইসলামের সমন্বয়ে একটি টিম নিয়ে সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। দুপুরে তাকে আদালতের হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *