নড়াইল সংবাদদাতা:নড়াইলের কালিয়ায় ক্ষমতাসীন আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে রায়হান ফকির (২৫) নামে এক যুবক নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ১৫জন। পুলিশ এ ঘটনায় দুইজনকে আটক করেছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে উপজেলার কলাবাড়ীয়া ইউনিয়নের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগ নেতা কায়েস সমর্থিত সবুর ফকির গ্রুপ ও নড়াইল-১ আসনের এমপি সমর্থিত মান্নান-মিল্টন গ্রুপের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
নিহত রায়হান ফকির (২৫) উপজেলার কলাবাড়ীয় ইউনিয়নের মূলখানা গ্রামের ফায়েক ফকিরের ছেলে।
স্থানীয়রা জানান, সবুর ফকির গ্রুপ ও মান্নান-মিল্টন গ্রুপের মধ্যে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এ নিয়ে তাদের মধ্যে হত্যা, পাল্টা হত্যার ঘটনাও ঘটেছে। তারই জের ধরে মঙ্গলবার দুপুর ১২টার দিকে দু’গ্রুপের মধ্যে মুলখানা মাদ্রাসা সংলগ্ন এলাকায় সংঘর্ষ বাঁধে।
এসময় সবুর ফরির গ্রুপের রায়হান ফকির, মশিয়ার রহমান (৪০), মশিয়ার রহমান (৩০) গুরুতর আহত হয়। মুমূর্ষু অবস্থায় তাদের গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপালে নেয়া হলে সেখানে রায়হানের মুত্যু হয়। সংঘর্ষে দুই পক্ষের অন্তত ১৫জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। তারা বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছে।
নড়াগাতী থানার ওসি রোকসানা খাতুন বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল থেকে মান্নান-মিল্টন গ্রুপের সদস্য মুলখানা গ্রামের জালাল সিকদার ও কলাবড়ীয়া গ্রামের আলামিন শেখকে আটক করা হয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে।’
প্রসঙ্গত, গত ২৬ মে মান্নান-মিল্টন গ্রুপের মিল্টনের পিতা কাইয়ুম হত্যা হয়। তার ৩বছর আগে কায়েস সমর্থিত সবুর ফকির গ্রুপের আজিবর রহমান কলাইকে হত্যার ঘটনা ঘটে।