স্টাফ রিপোর্টর : দেশের জন্য একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করতে চাই।
জীবনের শেষপ্রান্তে এসে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়েছি। ব্যক্তিগত লক্ষ্য বা স্বার্থ নয়, বরং দেশের জন্য একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করে যেতে চাই। তবে এটি শুধু আমার একার পক্ষে সম্ভব নয়। এজন্য আমি দেশবাসীর সার্বিক সহযোগিতা এবং দোয়া কামনা করছি।
শুক্রবার(২৫শে জুলাই) যশোর কালেক্টরেট মসজিদে সিইসি’র নামাজ আদায়ের আগেও বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে দোয়ায় অংশগ্রহণ করে মুসল্লিদের উদ্দেশে এক সংক্ষিপ্ত শুভেচ্ছা বক্তব্যে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন এসব কথা বলেন।
উল্লেখ্য,খুলনায় যাওয়ার পথে যশোরে সংক্ষিপ্ত যাত্রাবিরতির সময় কালেক্টরেট মসজিদে তিনি জুমার নামাজ আদায় করেন। এ সময়ে তিনি আরো বলেন, আমি দীর্ঘ সরকারি চাকরি জীবনে অনেক দায়িত্ব পালন করেছি, অনেক অভিজ্ঞতা অর্জন করেছি। কিন্তু এই মুহূর্তে যে গুরুদায়িত্ব আমার কাঁধে এসেছে- তা দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে জনগণের আস্থা ফিরিয়ে আনতে চাই। এ লক্ষ্য অর্জনে সবার আন্তরিক সহযোগিতা প্রয়োজন। এ সময় তিনি রাজধানীর উত্তরায় ঘটে যাওয়া সাম্প্রতিক বিমান দুর্ঘটনায় নিহত ও আহতদের জন্য মসজিদে উপস্থিত সবার কাছে দোয়া কামনা করেন। একইসঙ্গে মাইলস্টোন স্কুলের দুর্ঘটনায় নিহত শিক্ষার্থীদের স্মরণে আয়োজিত দোয়া মাহফিলে তিনি অংশগ্রহণ করেন এবং শোক প্রকাশ করেন।
এ সময়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীনের সঙ্গে ছিলেন যশোরের জেলা প্রশাসক মো. আজাহারুল ইসলাম, স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।