স্টাফ রিপোর্টার: গঠনতন্ত্র পরিপন্থী কর্মকান্ডে জড়িত থাকায় সংবাদকর্মী শহিদুল ইসলাম দইচকে সংগঠনের সদস্য পদ থেকে সাময়িক বরখাস্ত করেছে সাংবাদিক ইউনিয়ন যশোর। একই সঙ্গে তাকে প্রেসক্লাব যশোরে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে।
সোমবার এক জরুরি সভায় সাংবাদিক ইউনিয়ন যশোর শহিদুল ইসলাম দইচকে বরখাস্তের সিদ্ধান্ত গ্রহণ করে। পাশাপাশি তাকে ২৪ জুলাই এর মধ্যে জবাব দিতে কারণ দর্শানোর নোটিস জারি করে সংগঠনটি।
সাংবাদিক ইউনিয়ন যশোর বলেছে, পরবর্তী সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত তিনি সংগঠনের কোনো কার্যক্রমে অংশ নিতে এবং সদস্যদের প্রাপ্য সুবিধা দাবি করতে পারবেন না।
সোমবার দুপুরে কার্যনির্বাহী কমিটির সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আকরামুজ্জামান। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক এসএম ফরহাদ।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহ-সভাপতি বিএম আসাদ, যুগ্ম-সম্পাদক গালিব হাসান পিল্টু, কোষাধ্যক্ষ এএআর মশিউর, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক কাজী রফিকুল ইসলাম এবং কার্যনির্বাহী সদস্য হানিফ ডাকুয়া।
এদিকে, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন ও সাধারণ সম্পাদক এসএম তৌহিদুর রহমান এক বিবৃতিতে শহিদুল ইসলাম দইচকে প্রেসক্লাব যশোরে অবাঞ্ছিত ঘোষণা করার তথ্য জানান। তারা বলেন, শহিদুল ইসলাম দইচ কোনো অজুহাতে প্রেসক্লাব ক্যাম্পাস ব্যবহার করতে পারবেন না।
প্রেসক্লাব যশোর নেতৃবৃন্দ বিবৃতিতে উল্লেখ করেছেন, নির্বাহী কমিটির একাধিক কর্মকর্তা-সদস্যসহ কয়েকজন সিনিয়র সাংবাদিকের সাথে অসদাচারণের দায়ে তার বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।
একইসাথে শহিদুল ইসলাম দইচের ব্যক্তিগত কোন আচরণ ও কর্মকান্ডের দায়ভার প্রেসক্লাবসহ যশোরের পেশাজীবী সাংবাদিক সমাজ গ্রহণ করবে না বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।
অন্যদিকে, শহিদুল ইসলাম দইচের বিরুদ্ধে প্রেসক্লাব যশোরের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে পৃথক তিনটি অভিযোগ করা হয়েছে। সেই অভিযোগের ভিত্তিতে তার বিরুদ্ধে এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।