স্টাফ রিপোর্টার: টিকটকের প্রলোভন দেখিয়ে কাছে চাকু-মাদক দিয়ে ভিডিও করতো তারা। এরপর শিকারিদের কাছে মোটা অংকের চাঁদা দাবি করতেন।
এমন অভিযোগের ভিত্তিতে বুধবার সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ওই দুই কিশোর গ্যাং এর সদস্যকে আটক করেছেন যশোর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের সদস্যরা। বৃহস্পতিবার বিকালে এক প্রেস রিলিজ মাধ্যমে যশোর জেলা পুলিশের মিডিয়া সেল থেকে এ তথ্য নিশ্চিত করেছেন সংবাদমাধ্যমকে।
আটককৃতরা হলেন, যশোর চাচড়া রায়পাড়া এলাকার রবিউল ইসলামের ছেলে জিসান (১৯),ও যশোর বেজপাড়া সাদেক দারোগার মোড় এলাকার আইয়ুব শেখ ওরফে আয়ূব মিস্ত্রি ছেলে ইমরান হোসেন ওরফে ভালু (১৯)। এসময়ে গোয়েন্দা পুলিশের সদস্যরা আটককৃতদের কাছ থেকে দুটি বার্মিজ চাকু, দুটি মোবাইল ফোন ও নগদ ৭ হাজার ৮০০ চাঁদার টাকা জব্দ করেন।
যশোর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ রুপণ কুমার সরকার বলেন,গত ৫-৬ মাস আগে যশোর টিটিসি স্কুলের দশম শ্রেনীর ছাত্র আব্দুল্লাহ আন নাহিনকে কিশোর গ্যাং চক্রের সদস্যরা টিকটক করার প্রলোভন দিয়ে ঘোপ সেন্ট্রাল রোডে নিয়ে চাকু ও মাদক দিয়ে ছবি-ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারের ভয়ভীতি দেখিয়ে একাধিকবার চাঁদা দাবী ও আদায় করেন। এক পর্যায়ে ২৬ এপ্রিল ২০২২ ইংরেজি তারিখে সকালে কোচিং থেকে ফেরার পথে চাচড়া শিব মন্দির চত্বরে পুনরায় চক্রটি চাকুর ভয়ভীতি দেখিয়ে চাঁদা চায়। পরে আব্দুল্লাহ আন নাহিনের পিতা বিষয়টি অবগত হয়ে ডিবি পুলিশকে অবহিত করেন। বিষয়টি আমলে নিয়ে পুলিশ পরিদর্শক শহিদুল ইসলামের নেতৃত্বে একটি চৌকস টিম বুধবার সন্ধ্যায় ভিকটিম নাহিনসহ যশোর গাড়ীখানা রোডে আলাউদ্দিন টাওয়ারের ৩য় তলায় চপিষ্টিকস নামক রেষ্টুরেন্টে চাঁদার টাকা দেওয়ার সময় হাতে নাতে ১ জন কিশোর গ্যাং চক্রের সদস্য কে চাঁদার টাকাসহ গ্রেফতার করে।
পরে তার স্বীকারোক্তি মতে মধ্যরাতে শহরের বেজপাড়া সাদেক দারোগার মোড় মাঠপাড়া এলাকায় অভিযান চালিয়ে চাকু ও জড়িত আরেক সদস্যকে আটক করতে সক্ষম হয়। দুপুরে তাদের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা দিয়ে তাদেরকে আদালতে হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।