স্টাফ রিপোর্টার: যশোরে একটি বিদেশী পিস্তল, ৪ রাউন্ড গুলি ভর্তি ১টি ম্যাগাজিন ও একটি দেশীয় তৈরি ওয়ানশুটারগান পিস্তল সহ মেহেদী হাসান সাকিব (১৯) নামে এক সন্ত্রাসীকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন ( র্যাব-৬) এর সদস্যরা।
বৃহস্পতিবার (৯ই ফেব্রুয়ারী ২০২৩) বেলা দেড়টার দিকে যশোর সদর উপজেলার মোবারক কাটি এলাকায় অভিযান চালিয়ে তাকে এসব অস্ত্রগুলি সহ আটক করেন র্যাব-৬ এর সদস্যরা। আটক মেহেদী হাসান যশোর সদর উপজেলার মোবারককাটি এলাকার শহীদ মোড়লের ছেলে।

যশোর র্যাব-৬ এর কোম্পানি লে: কমান্ডার এম নাজিউর রহমান বলেন, আটক মেহেদী হাসান একজন চিহ্নিত সন্ত্রাসী ও চাঁদাবাজ। তার বিরুদ্ধে এলাকায় দীর্ঘদিন ধরে চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যকলাপের অভিযোগ রয়েছে। বৃহস্পতিবার দুপুরে গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি যশোর জেলার কোতয়ালী মডেল থানা এলাকায় কতিপয় মাদক ব্যবসায়ী ও অস্ত্রধারী সন্ত্রাসী চাঁদাবাজি এবং মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে দুপুর দেড়টার দিকে যশোর সদর উপজেলার মোবারক খাটি এলাকায় অভিযান চালিয়ে এসব অস্ত্র সহ তাকে আটক করা হয়। পরে তার বিরুদ্ধে অস্ত্র লাইনে মামলা দিয়ে কোতোয়ালী থানা পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে তিনি জানান।