নিজস্ব প্রতিনিধি:যশোরের ঝিকরগাছায় আল আমিন হোসেন (৩০) নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
রবিবার (১৮ই জুন) সকালে যশোরের ঝিকরগাছা উপজেলার শিওরদাহ গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আল-আমিন শিওরদাহ গ্রামে মোহাম্মদ আজাদের ছেলে।
এ ঘটনায় জড়িত থাকার দায়ে ইমরান হোসেন (২২) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
স্থানীয়রা জানায়, আল আমিন একই গ্রামের ইমরান হোসেন নামে এক যুবকের কাছ থেকে ২৪ শ’ টাকা ধার হিসেবে নেন।
গতকাল দিবাগত রাত দেড়টার দিকে তিনি (আল আমিন) একটি নির্মাণাধীন বাড়ির ছাদে বসে নেশা করছিলেন। ইমরান তাকে খুঁজতে খুঁজতে ওই ছাদের উপরে যান। সেখানে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে তাদের দুজনের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ইমরান লোহার রড দিয়ে আল আমিনকে পেটান। ওই সময় আল আমিন আহত অবস্থায় ওই ছাদ থেকে পড়ে যান।পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তার আহমেদ তারেক শামস চৌধুরী বলেন, রোববার সকাল আটটার দিকে মারপিটের ঘটনায় আল আমিন নামে এক যুবককে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় ৯টা ২০ মিনিটে তার মৃত্যু হয়।
ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন ভক্ত বলেন, নিহতর পরিবারের অভিযোগের ভিত্তিতে ইমরান নামে এক যুবককে আটক করা হয়েছে। আল আমিন ও ইমরান একইসাথে চলাফেরা করতো। প্রাথমিকভাবে জানা গেছে টাকা পয়সা লেনদেন কে কেন্দ্র করে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। মৃতদেহটি ময়না তদন্তের জন্য জেনারেল হাসপাতালে রয়েছে। ময়না তদন্তের পরই প্রকৃত ঘটনা বলা যাবে বলে জানান এ কর্মকর্তা।