চৌগাছা (যশোর) প্রতিনিধি ॥ বাংলাদেশ নির্বাচন কমিশনের নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) মোঃ আহসান হাবিব খান বলেছেন, আমরা নিশ্চয়তা দিচ্ছি সুন্দর একটি নির্বাচন অনুষ্ঠিত হবে।
আপনারা আমাদের উপর আস্থা রাখুন, ভরসা রাখুন। তিনি বলেন জাতীয় পরিচয়পত্রের ত্রুটিগুলো সংশোধন করার নিশ্চয়তা দিচ্ছি। জনগনের ভোগান্তি যেন না হয় সেই লক্ষ্যে কাজ অব্যাহত রয়েছে। ইতোমধ্যে ভোটার তালিকা হালনাগাদ শুরু হয়েছে। আপনারা তথ্যগুলো সঠিক দিবেন।
তিনি বলেন, সুষ্ঠু নির্বাচনের অঙ্গিকারে আমরা সংকল্পবদ্ধ। ভোটাররা নির্বিঘ্নে ভোট কেন্দ্রে আসবেন। পেশী শক্তির আধিপত্য থাকবেনা। তিনি মুক্তিযোদ্ধাদের উদ্দেশ্যে বলেন, যুদ্ধের সময় আপনাদের সাহসী ভূমিকা দেখেছি। ঘরবাড়ি ছেড়ে অসহায় শরনার্থীদের কষ্টগুলো দেখেছি। তিনি বলেন, বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে আপনারা মুক্তিযুদ্ধে ঝাপিয়ে পড়েছিলেন। বহু ত্যাগ ও যুদ্ধের মাধ্যমে আমরা স্বাধীন দেশ পেয়েছি। মুক্তিযোদ্ধারা হচ্ছেন জাতির শ্রেষ্ঠ সন্তান। আপনারা আমাদের গর্ব।
গতকাল বৃহস্পতিবার দুপুরে চৌগাছা উপজেলা মিলনায়তনে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ কর্মসূচীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা ইরুফা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন খুলনার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ইউনুচ আলী।
উদ্বোধনী অনুষ্ঠানে এ সময় জেলা নির্বাচন কর্মকর্তা আনিছুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হোসাইন, উপজেলা চেয়ারম্যান ডঃ এম মোস্তানিছুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মুক্তিযোদ্ধা এস, এম হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক মেহেদী মাসুদ চৌধুরী, পৌর মেয়র নূরউদ্দীন আল মামুন হিমেল, উপজেলা ভাইস চেয়ারম্যান দেবাশিষ মিশ্র জয়, সাবেক জেলা পরিষদ সদস্য দেওয়ান তৌহিদুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান নাজনিন নাহার, পৌর কাউন্সিলর শাহীনুর রহমান, শাহিদুল ইসলাম, আতিয়ার রহমান, জিএম মোস্তফা, সিদ্দিকুর রহমান, আনিছুর রহমান ও রুহুল আমিন, ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা হবিবর রহমান, আতাউর রহমান লাল, নূরুল কদর, মাসুদুল হাসান, হামিদ মল্লিক, এসএম মমিনুর রহমান, আবুল কাশেমসহ মুক্তিযোদ্ধা, সাংবাদিকবৃন্দ ও সরকারি কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে প্রধান অতিথি নির্বাচন কমিশনার মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন জনসাধারণের মধ্যে স্মার্ট জাতীয় পরিচয়পত্র তুলে দেন।