চৌগাছার কপোতাক্ষ নদ থেকে অজ্ঞাত ব্যক্তির অর্ধ গলিত মৃতদেহ উদ্ধার

নিউজটি শেয়ার লাইক দিন

স্টাফ রিপোর্টার: যশোরের চৌগাছার কপোতাক্ষ নদ থেকে  ভারত থেকে ভেসে আসা একটি মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। 

আজ ঈদের দিন (মঙ্গলবার) সন্ধ্যা সাতটার দিকে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের সহযোগিতায় চৌগাছা থানা পুলিশ বাংলাদেশের প্রান্তের চৌগাছা কাবিলপুর কপোতাক্ষ নদের পানিতে ভেসে থাকা অর্ধগলিত মৃতদেহ টি উদ্ধার করেন।

 

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, আজ ঈদের দিন সকাল ১১টার দিকে স্থানীয়রা চৌগাছা থানার শাহজাদপুর বিওপির বিপরীতে ভারতীয় পার্শ্বে লক্ষীপুর গ্রামে কপোতাক্ষ নদের পানিতে একটি ভাসমান মৃতদেহ দেখতে পায়। বিষয়টি শাহজাদপুর বিজিবি বিওপি কমান্ডারকে সংবাদ দেন। পরবর্তীতে শাহজাদপুর বিওপি কমান্ডার চৌগাছা থানায় এবং স্থানীয় চেয়ারম্যান ও মেম্বারদেরকে বিষয়টি অবগত করেন। কিছুক্ষণ পরে ঝড়ের মধ্যে নদীর স্রোতে লাশটি ভেসে বাংলাদেশের প্রান্তে কাবিলপুর গ্রামে চলে আসে। পরে পুলিশ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্থানীয় জনপ্রতিনিধিগণের সহযোগিতায় মৃতদেহটি উদ্ধার করেন। মৃতদেহটির ময়না তদন্তের জন্য পুলিশ যশোর জেনারেল হাসপাতালে পাঠিয়েছেন।

 

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক ‌লেঃ কর্ণেল শাহেদ মিনহাজ ছিদ্দিকী বলেন, আজ ঈদের দিন দুপুরে স্থানীয়দের মাধ্যমে খবর পায় কপোতাক্ষ নদের ভারতীয় সীমান্তে একটি মৃতদেহ ভাসছে। সাথে সাথে বিষয়টি চৌগাছা থানা পুলিশকে অবগত করলে পুলিশ স্থানীয় জনপ্রতিনিধি ও স্থানীয়দের নিয়ে নদীতে যাওয়র পর মৃতদেহটি ভাসতে ভাসতে বাংলাদেশ সীমান্তে পৌঁছালে মৃতদেহটি উদ্ধার করা হয়। পরে মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পুলিশ যশোর জেনারেল হাসপাতালে পাঠায়। তবে স্থানীয়রা মৃতদেহটির পরিচয় শনাক্ত করতে পারেনি। ধারণা করা হচ্ছে মৃতদেহটি ভারতীয় কোনো নাগরিককের। ২ থেকে ৩ দিন আগে শ্বাসরোধ করে হত্যা করে কপোতাক্ষ নদের পানিতে মৃত দেহটি ভাসিয়ে দিয়েছে।

চৌগাছা থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম সবুজ বলেন,  চৌগাছা কাবিলপুর সীমান্তের বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে সন্ধ্যা সাতটার দিকে লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এখনো পর্যন্ত লাশের পরিচয় শনাক্ত করা যায়নি। তবে ধারণা করা হচ্ছে মৃতদেহটি ভারতীয় কোন নাগরিকের। তবে তাকে কিভাবে হত্যা করা হয়েছে ময়নাতদন্তের পরে তা জানা যাবে বলে তিনি জানান।

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *