নিজস্ব প্রতিবেদক: চাঁদাবাজির অভিযোগে যশোর মনিরামপুরের বিএনপির দুই নেতা শাস্তি প্রদান করা হয়েছে হয়েছে।
তাদের মধ্যে রোববার (২১ সেপ্টেম্বর) মনিরামপুর পৌর বিএনপির যুগ্ম সম্পাদক তুহিন হাসানকে দল থেকে অব্যাহতি দেয়া হয়।
রোববার (২১ সেপ্টেম্বর) জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
তুহিন হাসান মনিরামপুর উপজেলা বিএনপির সভাপতি শহীদ ইকবাল হোসেনের ছোট ভাই। এর আগে তার আরেক ভাই মনিরামপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও থানা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক নিস্তার ফারুককে দল থেকে বহিষ্কার করা হয়েছিল।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে অপরাধমূলক কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগের ভিত্তিতে তুহিন হাসানকে বিএনপির প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে। পৌর বিএনপিসহ সংশ্লিষ্ট ওয়ার্ডের নেতৃবৃন্দকে তুহিনের সাথে যোগাযোগ না রাখতে নির্দেশনা দেয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, এরইমধ্যে বিভিন্ন অপরাধে পৌর বিএনপির একাধিক নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে। এসব বিষয়ে প্রয়োজনীয় নজরদারি না রাখায়, অব্যাহতভাবে দলের নেতারা অপরাধমূলক কর্মকান্ডে জড়িত হওয়ার পরও কার্যকরী পদক্ষেপ না নেয়ায় এবং এসব বিষয়ে সভা করে জেলা কমিটিকে না জানানোর অভিযোগে মনিরামপুর পৌর বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদককে ৪৮ ঘন্টার মধ্যে জেলায় উপস্থিত হয়ে জেলা কমিটির সাধারণ সম্পাদকের কাছে জবাবদিহি করার নির্দেশ দেয়া হয়েছে।
নেতাকর্মীরা জানান, সম্প্রতি মনিরামপুর পৌর শহরে পাঁচ হাজার টাকা চাঁদা না দেয়ায় মিন্টু হোসেন নামে এক ভ্যানচালককে কুপিয়ে হত্যা করা হয়েছে। সেই ঘটনায় পৌর বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক সাব্বির হোসেনের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। এরপর সাব্বির হোসেনকে দল থেকে বহিষ্কার করে জেলা বিএনপি। মিন্টু নিহতের ঘটনায় সাব্বিরের বিচারের দাবিতে কয়েকদিন আগে নিহতের পরিবার ও স্বজনেরা যশোরে প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেন। সেখানে পৌর বিএনপির যুগ্ম সম্পাদক তুহিন হাসানকে হত্যাকান্ডে ইন্দিনদাতা হিসাবে অভিযোগ করেন নিহত মিন্টুর স্বজনেরা। এছাড়া মনিরামপুর উপজেলা বিএনপির সভাপতি শহীদ ইকবাল হোসেন ও তার দুই ভাই উপজেলার বিভিন্ন স্থানে সালিশির নামে সাধারণ মানুষের কাছ থেকে কয়েক কোটি টাকা চাঁদা আদায় করেছেন।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন বলেন, ‘নানা অভিযোগে তুহিনকে দল থেকে অব্যাহতি দেয়া হয়েছে। দলে বিশৃঙ্খলাকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে যশোরের কেন্দ্রীয় নেতারা। যেকোনো মূল্যে অপরাধীদের প্রতিহত করা হবে। এর আগে তার আরো এক ভাইকে দলের শৃঙ্খলা ভঙ্গের দায়ে মনিরামপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও থানা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক নিস্তার ফারুককেও বহিষ্কার করা হয়।