চুয়াডাঙ্গা সংবাদদাতা: চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথলীতে মালবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে।
শুক্রবার (৪ জুলাই) বিকেল ৫টা ৪০ মিনিটে উথলী রেলস্টেশনের কাছাকাছি এ দুর্ঘটনা ঘটে। এর ফলে খুলনার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন উথলী রেলওয়ে স্টেশনের মাস্টার মিন্টু কুমার রায়।
তিনি জানান, খুলনার মোংলা থেকে সিরাজগঞ্জগামী একটি মালবাহী ট্রেনের একটি বগির চারটি চাকা লাইনচ্যুত হয়েছে। দুর্ঘটনার পর খুলনা-যশোর-ঢাকা রুটে সব ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশনের মাস্টার ইউসুফ পলাশ জানান, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করবে।
রেল যোগাযোগ বন্ধ হয়ে যাওয়ায় যাত্রীদের মধ্যে চরম ভোগান্তি দেখা দিয়েছে। অনেকেই বিকল্প যানবাহনে গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করছেন। যাত্রীদের একাংশকে বাস, ভ্যান, মোটরসাইকেলসহ বিভিন্ন উপায়ে গন্তব্যের দিকে যেতে দেখা গেছে।
রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, দ্রুত উদ্ধারকাজ সম্পন্ন করে রেল চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।