ক্রিকেট খেলতে বাধা দেয়ায় কর্মচারীকে পিটিয়ে হত্যা

নিউজটি শেয়ার লাইক দিন

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ভেতরে বহির্বিভাগের আঙ্গিনায় ক্রিকেট খেলাকে কেন্দ্র করে আমির হোসেন (৫০) নামে এক কর্মচারীকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় এক যুবককে আটক করে শাহবাগ থানা পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা।

রোববার (১ ডিসেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে হাসপাতাল বহির্বিভাগের গেটের ভেতরে এ ঘটনা ঘটে।

নিহত আমির হোসেন ঢামেক হাসপাতালের ক্যান্সার বিভাগের চতুর্থ শ্রেণির কর্মচারী ছিলেন।

নিহতের ছোট ভাই আলী হোসেন জানান, তাদের বাড়ি শরীয়তপুর জেলার জাজিরা উপজেলার পাচুখাকান্দি গ্রামে। বর্তমানে খিলক্ষেত শিকদার বাড়ি এলাকায় থাকেন।

স্থানীয়রা জানান, রোববার সকাল ৬টার দিকে ঢামেক হাসপাতালের বহির্বিভাগের আঙ্গিনায় ক্যান্সার বিভাগের সামনে সাবেক পাম্প অপারেটর মৃত আনোয়ার হোসেনের ছেলে ইব্রাহিমসহ (১৮) কয়েকজন যুবক ক্রিকেট খেলছিলেন। এ সময় কর্মচারী আমির ওই জায়গায় খেলতে বাধা দিলে তাদের মধ্যে বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে আমির বহির্বিভাগের গেটে গেলে ইব্রাহিম পেছন থেকে ব্যাট দিয়ে তাকে আঘাত করেন।

আহত অবস্থায় তাকে জরুরি বিভাগে নেয়া হলে ৭টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে ঢামেক হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. নাসির উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সকালে একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আমিরকে ক্রিকেট খেলার ব্যাট দিয়ে আঘাত করা হয়। এতে সেখানে তিনি অজ্ঞান হয়ে যান। পরে জরুরি বিভাগে নেয়া হলে তিনি মারা যান।

তিনি আরও জানান, এ ঘটনায় অভিযুক্ত যুবককে ধরে শাহবাগ থানায় দেয়া হয়েছে। আমিরের লাশ ময়না তদন্তের জন্য ওই হাসপাতাল মর্গে রয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে শাহবাগ থানায় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *