স্টাফ রিপোর্টার: যশোরে উচ্চ স্বরে হাইড্রোলিক হর্ন বাজিয়ে শব্দ দূষণ করায় দুই গাড়িচালককে ১ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
জরিমানা আদায় করা ব্যক্তিরা হলো, খুলনা দৌলতপুর শিরোমনি এলাকার ইউসুফ আলীর ছেলে আজিজুর (৩০)ও যশোর বারান্দিপাড়া এলাকা কাশেম মোল্লার ছেলে রফিকুল ইসলাম (৩০)। তাদের উভয়কে ৫০০ টাকা করে জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট।
বুধবার বেলা ১১ টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত যশোর মনিহার এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করেন। এছাড়া ভেজাল মোবিল উৎপাদনের দায়ে যশোর ঝুমঝুমপুর এলাকায় আবুল খায়ের (৫৮) নামে এক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।আবুল খায়ের ঝুমঝুমপুর এলাকার মৃত মোহাম্মদ আলী ছেলে।
যশোর র্যাব-৬, সিপিসি-৩, যশোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মোঃ নাজিউর রহমান বলেন, গাড়িতে হাইড্রোলিক হর্ন বাজিয়ে উচ্চ শব্দ দূষণ করায় দু’জন গাড়ী চালককে এক হাজার টাকা ও ভেজাল মবিল তৈরি করার দায়ে এক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আদায় কৃত টাকা চালানের মাধ্যমে সরকারি কোষাগারে জমা দেয়া হয়েছে। শব্দ দূষণ ও পরিবেশ দূষণ রোধে ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।