নিজস্ব প্রতিনিধি: যশোরের অভয়নগরে চাঞ্চল্যকর নবনির্বাচিত ইউপি সদস্য উত্তম সরকার হত্যার প্রধান আসামিসহ তিন আসামি দু’টি পিস্তল-গুলিসহ আটক হয়েছে।
মঙ্গলবার বিকাল পাঁচটা থেকে বুধবার ভোর পর্যন্ত জেলার মনিরামপুর ও অভয়নগর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয় উত্তমের ঘাতকদের আটক করে যশোর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের সদস্যরা।
আটককৃত আসামিরা হলেন, যশোর জেলার মনিরামপুর উপজেলার পাঁচকড়ি গ্রামের সহদেব বিশ্বাসের ছেলে অজয় বিশ্বাস (১৯), অভয়নগর উপজেলার কচুয়া গ্রামের প্রফুল্ল বিশ্বাসের ছেলে সাধন বিশ্বাস (২১), ও মনিরামপুর উপজেলার পাঁচ কাটিয়া গ্রামের নির্মল পাড়ে ছেলে পলাশ পাড়ে (৩২)। গোয়েন্দা পুলিশের সদস্যরা আটককৃত আসামিদের কাছ থেকে দুটি পাইপগান, ২ রাউন্ড ১২ বোর কার্তুজসহ ৩ রাউন্ড গুলির খোসা জব্দ করেছে। নবনির্বাচিত ইউপি সদস্য উত্তম হত্যার অন্যতম আরো ৫ আসামিকে এর আগে আটক করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশের সদস্যরা।
যশোর গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ রুপন কুমার সরকার বলেন, গত ১০ জানুয়ারি ২০২২ ইংরেজি তারিখে রাত সাড়ে আটটার দিকে অভয়নগর উপজেলার তিন নাম্বার সুন্দরী ইউনিয়নের হরিশ পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে সুন্দলী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত ইউপি সদস্য উত্তম সরকার কে সন্ত্রাসীরা নির্মমভাবে গুলি করে হত্যা করে। পরের দিন উত্তম সরকারের পরিবার অভয়নগর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলাটি চাঞ্চল্যকর হওয়ায় যশোরের পুলিশ সুপার মামলাটির তদন্তভার দেন যশোর গোয়েন্দা (ডিবি) পুলিশের সদস্যদের উপরে।
একপর্যায়ে আমি যশোর গোয়েন্দা (ডিবি) পুলিশের পুলিশ পরিদর্শক শেখ শাহিনুর রহমান, মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই শামীম হোসেন ও এসআই ইদ্রিসুর রহমানের সমন্বয়ে একটি চৌকস দলকে সঙ্গে নিয়ে তদন্ত করে উত্তম হত্যার অন্যতম পাঁচ আসামিকে এর আগেই আটক করতে সক্ষম হয়। তাদের জিজ্ঞাসাবাদ এ হত্যাকাণ্ডের সাথে আজকে আটক তিন আসামির জড়িত থাকার বিষয়টি নিশ্চিত হই। এরপর গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করে গতকাল মঙ্গলবার বিকাল থেকে বুধবার ভোর পর্যন্ত জেলার অভয়নগর উপজেলা ও মনিরামপুর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আসামিদের আটক করতে সক্ষম হই। পরে তাদের স্বীকারোক্তি মোতাবেক বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে দুটি পাইপগান, ২ রাউন্ড ১২ বোর কার্তুজসহ ৩ রাউন্ড গুলির খোসা জব্দ করা হয়। বুধবার দুপুরে তাদের আদালতে হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।