স্টাফ রিপোর্টার: অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশের চেষ্টাকালে ঝিনাইদহের মহেশপুর সীমান্ত থেকে ৯ বাংলাদেশিকে আটক করেছে বিজিবি।
বৃহস্পতিবার (২১শে আগস্ট) সকাল ৬টার দিকে সীমান্তে পৃথক অভিযানে তাদের আটক করা হয়।
বৃহস্পতিবার (২১শে আগস্ট) বিকেল ৩টার দিকে মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক মুন্সি ইমদাদুর রহমানের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
আটককৃতরা হলেন- মহেশপুর উপজেলার কুসুমপুর গ্রামের ডালিম মিয়ার ছেলে রাশেদ মিয়া (২০), পিরোজপুরের নেছারাবাদ থানার গণপতিকাঠী গ্রামের রমেশ রায়ের ছেলে প্রবাস রায় (৪৫) ও প্রবাস রায়ের ছেলে প্রসেনজিৎ রায় (২৬)। আটকদের মধ্যে বাকি চারজন নারী ও দুইজন শিশু।
বিজিবি জানায়, সকাল সাড়ে ৬টার দিকে মহেশপুর সীমান্তের কুসুম বিওপির হাবিলদার শহর আলীর নেতৃত্বে অভিযান চালায় বিজিবি। এ সময় স্থানীয় দালালসহ তিনজনকে আটক করা হয়। আটকদের মধ্যে দুইজন নারী।
এদিকে ভোর ৬টার দিকে সীমান্তের লড়াইঘাট বিওপির অপর এক অভিযানে দুই নারী ও দুই শিশুসহ আরও ছয়জনকে আটক করে বিজিবি। আটকরা অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন। আটকদের মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।
ঝিনাইদহ মহেশপুরের ৯৮ বিজিবি ব্যাটেলিয়ানের সহকারী পরিচালক মুন্সি ইমদাদুর রহমান বলেন, গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি ভারতে প্রচারের জন্য সীমান্ত এলাকায় কয়েকজন নারী পুরুষকে জড়ো করে রেখেছে দালালরা। এ সময়ে মহেশপুরে দায়িত্বরত বিজিবি সদস্যদের সেখানে পাঠিয়ে তাদেরকে আটক করা হয়। পাচারের সাথে জড়িয়ে থাকার দায়ে দালালকে ও আটক করা হয়েছে। পরে তাদের বিরুদ্ধে অবৈধভাবে সীমান্ত পারাপারের হওয়ার মামলা দিয়ে তাদেরকে মহেশপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) সাজ্জাদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।