সুখটান দেওয়া ওসির ছবি ভাইরাল

নিউজটি শেয়ার লাইক দিন

ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা:টেবিলে রাখা চায়ের কাপ, হাতে সিগারেট। সেই সিগারেটে সুখটান দিচ্ছেন থানার ওসি। সুখটান দেয়ার পর কপালে হাত দিয়ে কিছু একটা ভাবছেন!

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানার ওসি নাজমুল আহমেদের এমনই দুটি ছবি ভাইরাল হয়েছে ফেসবুকে। ধূমপানের বিষয়টি নিয়ে ওসি যেমন বেকায়দায় পড়েছেন, তেমনি বিব্রত হয়েছেন জেলা পুলিশের শীর্ষ কর্মকর্তারা।

খোঁজ নিয়ে জানা গেছে, গত ১৯ এপ্রিল সরাইল থানার ওসি হিসেবে যোগদান করেন পরিদর্শক (ইন্সপেক্টর) নাজমুল আহমেদ। থানায় যোগদানের পরই মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ঘোষণা করেন তিনি। কিন্তু বুধবার ফেসবুকে ওসি নাজমুলের ধূমপানের দুটি ছবি ছড়িয়ে পড়ে। নিজ কক্ষে বসে ধূমপান করার এই ছবি নিয়ে সমালোচনার ঝড় বইছে।

দায়িত্বরত অবস্থায় ইউনিফর্ম পরা একজন পুলিশ সদস্য ধূমপান করতে পারেন কিনা সেটি নিয়েও প্রশ্ন তুলেছেন কেউ কেউ। ওসির এই ধূমপান কাণ্ড নিয়ে বিব্রত জেলা পুলিশের শীর্ষ কর্মকর্তারাও।

নাম প্রকাশ্যে অনিচ্ছুক একজন জানান, ওসি নিয়মিত থানায় বসে সুখটান দেন। সিগারেটের পাশাপাশি শুকনাও (গাঁজা) পান করেন। এ সময় তার রুমসহ আশে পাশে গন্ধে থাকা যায় না।

জেলা নাগরিক ফোরামের সহসভাপতি আতাউর রহমান শাহীন বলেন, “ধূমপান সরকারিভাবে নিষিদ্ধ না হলেও সরকারি কোনো কর্মকর্তা দায়িত্বরত অবস্থায় ধূমপান করতে পারেন না। যদি কেউ এমনটি করেন, তাহলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয়। এতে করে ধূমপায়ীরা উৎসাহিত হন।”

ধূমপানের বিষয়ে জানতে চাইলে সরাইল থানার ওসি নাজমুল আহমেদ বলেন, “এটি (ধূমপান) আমিই নতুন করলাম কিনা বুঝতেছি না। আমি আমার অফিসে কাজ করছিলাম, টেনশনে ছিলাম। ছবিটি কে তুলল, বুঝতে পারছি না।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *