নিজস্ব প্রতিনিধি, যশোর: যশোরের বেনাপোলে কালাম হোসেন (৪০) নামে এক মাদক ব্যবসায়ী ১ কেজি গাঁজাসহ পুলিশের হাতে আটক হয়েছে। বৃহস্পতিবার দুপুরে যশোর গোয়েন্দা পুলিশের একটি দল বেনাপোল দিঘীরপাড় ঈদগা ময়দানের সামনে থেকে তাকে আটক করেন। আটক কামাল দীর্ঘদিন ধরে পুলিশের চোখ ফাঁকি দিয়ে মাদক ব্যবসা করে আসছিল বলে জানান গোয়েন্দা পুলিশ। আটক মাদক ব্যবসায়ী কামাল বেনাপোল মানকীরা গ্রামে লতিফের ছেলে।
যশোর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ জনাব মারুফ আহম্মদ, জানান, আটক কামাল বেনাপোলের একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। সে দীর্ঘদিন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে মাদক ব্যবসা করে আসছিল। গতকাল দুপুরে গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি কামাল মাদকদ্রব্য নিয়ে বেনাপোল থেকে শার্শা উপজেলার দিকে আসছে। এ সময়ে জেলা গোয়েন্দা শাখার এসআই(নিঃ) সোলায়মান আক্কাস সংগীয় এএসআই(নিঃ) ,মোঃ হাসান জাহিদ পুলিশের ফোর্স নিয়ে বেনাপোল দিঘীরপাড় ঈদগা ময়দানের সামনে অভিযান চালিয়ে ১ কেজি গাঁজাসহ কামালকে আটক করেন। পরে তার নামে মাদক আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।