নড়াইল প্রতিনিধি ঃ নড়াইলে বৈদ্যুতিক খুঁটির নীচে চাপা পড়ে তাজকিয়া (৪) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে আজ (৪ এপ্রিল) নড়াইল পৌরসভার দূর্গাপুর এলাকায়। নিহত শিশু ওই এলাকার আজিজুর রহমানের মেয়ে। মেয়েটির মা একজন প্রতিবন্ধী। তার বাবা চাকুরীর সুবাদে ঢাকায় থাকে। এ ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসি নড়াইল ওজোপাডিকো’র কর্মচারি সোহরাব হোসেন (৬৩) ও ঠিকাদার সবুজ (৪৫) কে আটক করে সদর থানার পুলিশের কাছে সোপর্দ করেছে।
জানা গেছে, শনিবার সকালে নিহতের বাড়ির পাশের একটি পরিত্যক্ত বৈদ্যুতিক খুঁটি অপসারনের সময় অসাবধানতা বশতঃ খুঁটিটি ওই শিশুর গায়ের ওপর পড়লে সে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
নড়াইল ওজোপাডিকো’র অস্থায়ী কর্মচারী সোহরাব হোসেন জানান, কাজ করার সময় আশপাশের লোকজনদের সরিয়ে দেয়া হলেও অবুঝ শিশু তাজকিয়া একটি বেড়ার আবডালে বসে খেলছিল। তাকে কেউ দেখতে পায়নি। আর বৈদ্যুতিক পিলারটি স্লিপ করে সরে গিয়ে তার গায়ের উপর পড়ে।
নড়াইল সদর থানার ওসি মোঃ ইলিয়াস হোসেন জানান, এ ঘটনায় বিদ্যুৎ অফিসের কর্মচারি সোহরাব হোসেন ও ঠিকাদার সবুজকে আটক করা হয়েছে।