তরিকুল ইসলাম মিঠু, যশোর প্রতিবেদক: ভারতের পূর্ব মেদিনীপুর মন্দিরে অগ্নিকাণ্ডের ছবি যশোরের কালীবাজারের শ্যামাপূজা মণ্ডপের অগ্নিকাণ্ড হিসেবে ফেসবুকে অপপ্রচার করা হচ্ছে। একটি চক্র হিন্দু-মুসলিম বিভাজন তৈরিতে এমন গুজব ছড়াচ্ছে।
সোমবার (৯ই নভেম্বর) দুপুরে এক প্রেজ্লিজের মাধ্যমে এক প্রেস রিলিজের মাধ্যমে যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপারেশন) মিরাজুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।
পুলিশ সুপারের জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ছবিকে যশোরের কালীবাজারের শ্যামাপূজা মণ্ডপের অগ্নিকাণ্ড হিসেবে প্রচার করা হচ্ছে। প্রকৃতপক্ষে ছবিটি যশোরের নয়; এটি ভারতের পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়ার কালীবাজারে একটি শ্যামাপূজা মণ্ডপে অগ্নিকাণ্ডের।
সেখানে ঘটনাটি ঘটেছিল কালীপূজার আগের দিন, মণ্ডপ উদ্বোধনের আগেই। ভারতীয় সংবাদ মাধ্যম সেই সময় জানায়, মণ্ডপে বৈদ্যুতিক কাজ চলার সময় শর্টসার্কিট থেকে কাপড়ে আগুন ধরে যায় এবং ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই মণ্ডপটি পুড়ে ছাই হয়ে যায়।
এ ঘটনায় “জঙ্গিদের আগুন দেওয়ার” যে দাবি প্রচার করা হচ্ছে, তা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। এ ছাড়া ছবির ব্যানারে লেখা “JASORA KALIBAZAR” বানান এবং মণ্ডপের নকশাও যশোরের কালীবাজারের সঙ্গে কোন ধরনের মিল নেই। তাই ছবিটিকে যশোরের ঘটনা বলে প্রচার করা বিভ্রান্তিকর ও সাম্প্রদায়িক উসকানিমূলক। গুজবে কান না দিয়ে এবং যাচাই ছাড়া এ ধরনের পোস্ট শেয়ার থেকে বিরত থাকার জন্য সবাইকে অনুরোধ জানান তিনি।