নিজস্ব প্রতিবেদক: যশোরে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছে। এ ঘটনায় আর দুজন গুরুতর আহত হয়েছে।
যশোর-বেনাপোল মহাসড়কের নতুনহাট এলাকায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত ও দু’জন আহত হয়েছেন।
শুক্রবার (২৩শে অক্টোবর) গভীর রাতে যশোর-বেনাপোল মহাসড়কের সদর উপজেলার নতুনহাট এলাকায় এ মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- যশোর সদর উপজেলার মণ্ডলগাতী গ্রামের শামিম হোসেনের ছেলে সিয়াম হোসেন, শহরের বেজপাড়া এলাকার শহিদুল ইসলামের ছেলে আরিফুল ইসলাম জয়। একই এলাকার মতিউর রহমানের ছেলে শাহরিয়ার হোসেন রুহান(১৮)।
আহতরা হলেন- একই এলাকার আব্দুল কাদেরের ছেলে ওমর ফারুক এবং রুহুল আমিনের ছেলে রাকিব হাসান রিফাত। তাদের যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুজনের অবস্থাই আশঙ্কাজনক বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে সিয়াম হোসেন, ওমর ফারুক ও রাকিব হাসান রিফাত একই মোটরসাইকেলে মণ্ডলগাতী এলাকা থেকে বেনাপোলের দিকে যাচ্ছিলেন। তাদের মোটরসাইকেলটি নতুনহাট এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অপর একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
অপর মোটরসাইকেলটি বেনাপোল থেকে যশোরের দিকে যাচ্ছিল। সংঘর্ষে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। তাদের মধ্যে সিয়াম হোসেন একটি মোটরসাইকেলের আরোহী ছিলেন। অপর দুজন বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের আরোহী বলে প্রাথমিকভাবে জানা গেছে। দুর্ঘটনায় আহত ওমর ফারুক ও রাকিব হাসান রিফাতকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাদের চিকিৎসা চলছে।
নাভারন হাইয়ে পুলিশ ফাঁড়ি ইনচার্জ কেরামত আলী জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে সাথে সাথে ঘটনাস্থলে গিয়ে নিহত ও আহতদের উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।