তরিকুল ইসলাম মিঠু, যশোর প্রতিবেদক: জনগণকে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার কাজ করছে বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।
শুক্রবার (৩১ই জুলাই) দুপুরে যশোরের চাঁচড়া আরএইচডি থেকে রাজগঞ্জ জিসি সড়কের চার কিলোমিটার সংস্কার ও প্রশস্তকরণ কাজের উদ্বোধনের সময় তিনি এ কথা বলেন।
নির্বাচনের আগে নিজ সংসদীয় আসনে প্রতিমন্ত্রী দীর্ঘদিনের বেহাল চাঁচড়া আরএইচডি হতে রাজগঞ্জ জিসি সড়কের চার কিলোমিটার সড়ক সংস্কার এবং প্রশস্তের প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি। সেই নির্বাচনি প্রতিশ্রুতিই যেন বাস্তবায়ন করলেন প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।
প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনের আগে জনগণকে দেওয়া প্রতিশ্রুতি অক্ষরে অক্ষরে বাস্তবায়নের জন্য কাজ করছেন। দলীয় নেতাকর্মীদের নিজ নিজ এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষায় কাজ করতে হবে।
এসময় এলাকাবাসীকে সড়কের কাজে নিয়োজিত ঠিকাদারকে সহযোগিতা করার পাশাপাশি তার কাছ থেকে মানসম্মতভাবে কাজ আদায় করে নেওয়ার আহ্বান জানান তিনি।
এছাড়া সম্প্রতি বন্ধ হয়ে যাওয়া যশোর -ঢাকা, ঢাকা-যশোর রুটে বেসরকারি এয়ারলাইন্সের ফ্লাইট দ্রুতই চালু করার নানা উদ্যোগের কথাও জানান তিনি।
অনুষ্ঠানে স্থানীয় সরকার বিভাগ যশোরের উপপরিচালক রফিকুল হাসান, যশোর এলজিইডির নির্বাহী প্রকৌশলী আহমেদ মাহবুবুর রহমান, জেলা বিএনপির সভাপতি অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, সাবেক সহসভাপতি গোলাম রেজা দুলু, সাবেক প্রচার সম্পাদক অ্যাড. হাজী আনিসুর রহমান মুকুল, সদর উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি অধ্যাপক আব্দার হোসেন খান, সাধারণ সম্পাদক আঞ্জুরুল হক খোকন, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক ও আশরাফুজ্জামান মিঠু, জেলা যুবদলের সদস্য সচিব আনসারুল হক রানা, জেলা ছাত্রদলের আহ্বায়ক কামরুজ্জামান বাপ্পি, সদস্য সচিব শাহনেওয়াজ ইমরানসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।