শার্শা সাব-রেজিস্ট্রি অফিসে দলিল রেজিস্ট্রেশন বন্ধ, চরম দুর্ভোগে দাতা-গ্রহিতারা
তরিকুল ইসলাম মিঠু, যশোর প্রতিবেদক: ৫০টির বেশি দলিল রেজিস্ট্রেশন করেন না যশোর শার্শার সাব রেজিস্টার ইকবাল হোসেন। এর ফলে চরম দুর্ভোগে পড়েছে জমির দাতা এবং গ্রহিতারা।
ইকবাল হোসেনের কর্মস্থল জেলার অভয়নগর সাব রেজিস্ট্রি অফিসে। তবে শার্শা উপজেলায় সাব রেজিস্টার না থাকায় তিনি সপ্তাহে দু’দিন সোমবার ও মঙ্গলবার অতিরিক্ত দায়িত্ব পালন করছেন। শার্শা সাবরেজিস্ট্রি অফিসে প্রতিদিন ১৫০ থেকে ২০০ টি দলিল রেজিস্ট্রেশন হয়ে থাকে। কিন্তু তিনি এই অফিসে অতিরিক্ত দায়িত্ব পালন করতে এসে ৫০টির বেশি দলিল রেজিস্ট্রেশন করবেন না বলে জানিয়ে দেন। এর ফলে দলিল লেখক সমিতির নেতা ও সদস্যরা তার এমন সিদ্ধান্তের প্রতিবাদ করেন। প্রতিবাদ স্বরূপ আজ মঙ্গলবার সকাল থেকে শার্শা সাবরেজিস্ট্রি অফিসের দলিল লেখকরা দলিল রেজিস্ট্রেশন বয়কট করেন। বিষয়টি নিয়ে সাব রেজিস্টার ইকবাল হোসেনের সাথে ও দলিল লেখক সমিতির নেতাদের মধ্যে দফায় দফায় বৈঠক হলেও কোন সূরাহ হয়নি। এর ফলে শার্শা সাব-রেজিস্টি অফিসে আসা দলিল গ্রহীতা ও দাতা সদস্যরা উভয় চরম দুর্ভোগের শিকার হন। এসব গ্রহীতাদের অনেকেই কয়েক সপ্তাহ ধরে সাবরেজিস্ট্রি অফিসে ঘোরাফেরা করছেন। অথচ দলিল রেজিস্ট্রেশন করতে পারছে না। ফলে সীমাহীন দুর্ভোগে পড়েছে জমির দাতা ও গ্রহিতারা।
বেনাপোল ছোট আঁচড়া থেকে আসা আবুল হাসান বলেন, আজ কয়েক সপ্তাহ ধরে দলিল লেখার জন্য সাব-রেজিস্ট্রি অফিসে আসছি। কিন্তু এখানে সপ্তাহে দুদিন অফিস হয়। তাছাড়া সাব রেজিস্টার প্রতিদিন ৫০ টির অধিক দলিল রেজিস্ট্রেশন করেন না। যে কারণে আমরা দলিল রেজিস্ট্রেশন করতে পারছি না। ফলে পরিবারের লোকজন এ অফিসে আসছে আর ফিরে যাচ্ছে।
জমি গ্রহীতা মোশারফ হোসেন বলেন, জমি কিনেছি ছয় মাস আগে। কিন্তু দাতাদের রেজিস্ট্রেশন করে দেয়ার সময় হয় না। তারপরেও অনেক কষ্ট করে তাদেরকে অফিসে নিয়ে এসেছি। তারা তিন সপ্তাহ ধরে অফিসে আসছে আর যাচ্ছে। কিন্তু সাব রেজিস্টার কাজ না করায় দলিল লিখতে পারছি না। এর ফলে সীমাহীন দুর্ভোগের মধ্যে পড়েছি।
দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক বুলবুল আহমেদ জানান, সাব রেজিস্টার ইকবাল হোসেন এখানে যোগ দিয়ে তার ইচ্ছামত কাজবাজ করেন। তিনি প্রতিদিন ৫০ টার বেশি দলিল রেজিস্ট্রেশন করেন না। অথচ প্রতিদিন দলিল হয় ২০০ টির মত। প্রতিদিন এই অফিস থেকে তিন থেকে পাঁচ কোটি টাকা রাজস্ব আদায় হত। দলিল রেজিস্ট্রেশন কম হওয়ায় সরকার এ অফিস থেকে পর্যাপ্ত রাজস্ব বঞ্চিত হচ্ছে। সঠিকভাবে দলিল রেজিস্ট্রেশন না হওয়ায় একদিকে সরকার রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে অন্যদিকে সাধারণ মানুষের সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে। প্রতিদিন কয়েকশত দাতা গ্রহিতা দূর দুরান্ত থেকে আসছে আর ফিরে যাচ্ছে। বিষয়টি তাকে বুঝেও কোন লাভ হয়নি।
বিষয়টি নিয়ে সাব রেজিস্টার ইকবাল হোসেনের মুঠোফোনে কয়েক দফায় সংযোগ দিয়েও তাকে পাওয়া যায় নি।